অর্থনৈতিক ডেস্কঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসেই কারিগরি ত্রুটির কবলে পড়েছে।
রোববার সকালে ডিএসইর ওয়েবসাইটে গিয়ে এ সংক্রান্ত একটি ঘোষণা দেখা যায়, যেখানে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে লেনদেন শুরুতে বিলম্ব হচ্ছে। ত্রুটি সারিয়ে তোলার পর লেনদেন শুরু হবে বলে ঘোষণায় বলা হয়েছে।
সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটে সূচকের ঘরগুলো শূন্য দেখা গেছে। তবে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল থেকে যথারীতি লেনদেন চলছে।