স্টাফ রিপোর্টার, দুলাল পাল(ধামরাই, ঢাকা): বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করতে হ্যালোবাইকে যাওয়ার সময় রাস্তার কাটা গাছের চাপায় ৫ যাত্রী নিহত এবং আহত হয়েছে আরো দু’জন।
সোমবার (৯ মার্চ) দুপুরে ঢাকা জেলার ধামরাই উপজেলার কাওয়ালী পাড়া মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা-মাদারপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভাতা তুলতে যাওয়ার পথে গাছের নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ। নিহতরা হলেন উপজেলার বাইচাইল গ্রামের কুলসুম বেগম ও তার স্বামী নুরুমিয়া, তেলিগ্রামের মাজেদা বেগম ও আয়শা বেগম, কামার পাড়ার সামছুল হক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নিহতদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোন নিরাপত্তা বেষ্টনী বা ব্যবস্থা না করেই দীর্ঘ দিন ধরে সওজ এর আঞ্চলিক মহাসড়কের দু’পাশের গাছ কেটে আসছিল ঠিকাদারের লোকজন। গতকাল সোমবারও গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘনা ঘটে। ঘটনা ঘটার পর ঠিকাদারসহ গাছ কাটার শ্রমিকরা পালিয়ে যায়।
খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঠিকাদার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।