প্রতিটি উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল বন্ধ রেখে পুনরায় কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
২০ জুন শুক্রবার চলমান ও সমাপ্ত উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, উপজেলা ও পৌরসভায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা সিপিসিকে বিল প্রদান করা হবে।
নলচিড়া ইউনিয়নের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্প গত ১৯ জুন দিনভর পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রিফাত আরা মৌরি যোগদানের পর থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার সকল চলমান ও সমাপ্ত কাজ নিজে পরিদর্শন করে বিল প্রদান করেন।