করোনায় মারা গেলেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন তার স্ত্রীও করোনাভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন।
বুধবার ১১ নভেম্বর রাত পৌনে ৯টায় ঢাকায় হাসপাতালে জয়নাল আবেদিনের মৃত্যু হয়। তার মরদেহ আমিনবাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল। জয়নাল আবেদিনের বয়স হয়েছিল ৮৭ বছর। ঢাকার আমিন বাজারের জয়নাল আবেদিনের হাত দিয়েই গড়ে উঠেছিল হানিফ পরিবহন। তার বড় ছেলে হানিফের নামেই কোম্পানির নামকরণ করা হয়।
পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবেদিন ও তার ছেলেরা। হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন জয়নাল আবেদিন নিজে।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানিয়েছে জয়নাল আবেদিনের স্ত্রীকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার অবস্থাও ভালো না।

