করোনাকে পূঁজি করে চালের দাম কেজি প্রতি ৭ থেকে ১০টাকা পর্যন্ত বৃদ্ধি

করোনাকে পূঁজি করে চালের দাম কেজি প্রতি ৭ থেকে ১০টাকা পর্যন্ত বৃদ্ধি

করোনা ভাইরাসের কারণে দেশে যে কোনো সময় অচলাবস্থা সৃষ্টি হতে পারে এমন গুজবে গত দুদিন ধরে বাজারে চালের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন- হঠাৎ করেই চালের আমদানি কমে যাওয়ায় চালের দাম বৃদ্ধি পেয়েছে। কয়েক দিনের ব্যবধানে বস্তাপ্রতি চালের দাম তিন শ থেকে চার শ, আবার কোথাও কোথাও কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা, কোথাও বা কেজিপ্রতি সাত থেকে ১০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণে গতকাল বৃহস্পতিবার মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আলাদত। চালের দাম বাড়ানোয় জরিমানা করা হয়েছে অন্তত ছয় জন ব্যবসায়ীকে।

প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

মেহেরপুরে প্রতিনিধি জানান,  সব ধরনের চালের দাম বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন থেকে চাল ব্যবসায়ীদের জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসকল বাজারগুলো পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। তিনি ব্যবসায়ীদের কাছে জানতে চান হঠাৎ করে কেন চালের দাম বাড়ানো হলো। জবাবে ব্যবসায়ীরা বলেন, তারা চালের দাম বৃদ্ধি করেননি। পূর্বের রেটেই তারা চাল বিক্রি করছেন। গত দুইদিন ধরে করোনা ভাইরাসের আতঙ্কের কারণে হঠাৎ করেই চাল কেনার হিড়িক পড়েছে। মানুষ আতঙ্কে বস্তা বস্তা চাল কিনে রাখছেন। আর এই সুযোগকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় আমাদের কাছে বেশি দামে চাল বিক্রি করছেন। যে কারনে চালের চাম বেড়ে যাচ্ছে।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে অস্থিতিশীল চালের বাজার। ১৫ দিনের ব্যবধানে প্রকারভেদে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চালের দাম বেড়েছে তিন শ থেকে চার শ টাকা পর্যন্ত। এই অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে গতকাল ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

গতকাল দুপুরে শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, মিনিকেট চাল ৪৭ থেকে ৫০ টাকা, মোটা চাল ৩৩ থেকে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছে, ১৫ দিন আগে এই চাল বিক্রি হয়েছে ৫০ কেজির প্রতি বস্তা এক হাজার ৬০০ টাকায়। গতকাল তা তিন শ থেকে চার শ টাকা বাড়িয়ে বিক্রি হয়েছে এক হাজার ৯০০ টাকা থেকে দুই হাজার টাকায়।

বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানে প্রতি কেজি চালের মূল্যতালিকা টানিয়েছেন ব্যবসায়ীরা। তাতে মোটা চাল ২৮ থেকে ৩০ টাকা, গুটি স্বর্ণ ৩২ থেকে ৩৩ টাকা, ২৮ জাতের চাল ৩৬ থেকে ৩৭ টাকা, মিনিকেট ৪৬ থেকে ৪৭ টাকা, কাটারি সিদ্ধ ও আতপ চাল ৭০ থেকে ৭৫ টাকা, নাজিরশাইল ৫৬ থেকে ৫৮ টাকা, সম্পা কাটারি ৫২ টাকা, চিনিগুঁড়া ৮৫ থেকে ৯০ টাকা, স্বর্ণা-৫ ৩৫ থেকে ৩৬ টাকা, বাসুমতি ৫৬ থেকে ৫৮ টাকা। কিন্তু ক্রেতারা জানায়, তালিকায় উল্লেখ থাকা দামের চেয়ে বেশি দামে চাল বিক্রি করছেন বিক্রেতারা।

বড় বাজারের চাল ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘পাইকারি বাজার থেকে আমাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে। এ কারণে বাজারে দাম বেড়েছে। গত এক মাসে প্রকারভেদে প্রতি কেজি চাল দুই টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। মূল্যতালিকায় যে দর উল্লেখ করা হয়েছে সেই দরেই চাল বিক্রি করা হচ্ছে।’ গতকাল বাজারে ভ্রাম্যমাণ আদালত আসায় প্রতি কেজি চালে এক থেকে দেড় টাকা কমে যাওয়ার কথাও জানান তিনি।

হাজী মহসীন সড়কসহ বিভিন্ন চালের দোকানে গিয়ে দেখা গেছে, উচ্চ মূল্যে চাল বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মোকাম থেকে বেশি দামে কেনায় তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দামে প্রভাব পড়েছে। এক মাসে প্রকারভেদে প্রতি কেজি চালে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

জেলার বাজার মনিটরিং কর্মকর্তা এ টি এম এরশাদ আলম খান বলেন, ‘গত এক মাসে প্রতি ৫০ কেজির চালের বস্তায় দাম বেড়েছে তিন শ থেকে চার শ টাকা। ধানের দাম বাড়ার কারণে কিছুটা বেড়েছে। আবার আতঙ্কে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি কেনার কারণেও কিছুটা বেড়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়েছে। তাতে চালের দাম কিছুটা  কমেছে।’

ছয় ব্যবসায়ীকে জরিমানা : অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে নীলফামারীর ছয় চাল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি টিম শহরের বড় বাজারে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এর মধ্যে চাল ব্যবসায়ী বিক্রম চন্দ্রকে এক হাজার টাকা, মধু কুমার রায়কে পাঁচ শ টাকা, রবী চন্দ্র রায়কে পাঁচ শ টাকা, অনুকূল চন্দ্র রায়কে পাঁচ শ টাকা এবং মধু চন্দ্র রায়কে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মনা সরকার নামের আরেক চাল ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোখসানা বেগম।

নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন-২০০৯-এর ৩৮ ধারায় তাঁদের ওই জরিমানা করা হয়।

পীরগাছায় কেজিতে চালের দাম বেড়েছে ছয় টাকা : পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের পীরগাছায় নজরদারির অভাবে করোনাভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।

সরেজমিনে বাজার ঘুরে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর খুচরা বাজারে প্রতি কেজি চালে দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিয়েছেন। বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। এতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।

পীরগাছা বাজারে আসা তাজুল ইসলাম বলেন, ‘প্রতিটি জিনিসের দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে।’

কান্দিরহাটের ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘আড়তে দাম বৃদ্ধি পেয়েছে। বেশি দামে কিনে কম দামে তো বিক্রি করতে পারি না। তাই আমরাও বেশি দামে চাল বিক্রি করছি।’

পীরগঞ্জে কেজিতে চালের দাম বেড়েছে ১০ টাকা : পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চালের বাজারে হঠাৎ যেন আগুন লেগেছে। গত দুই দিনে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে সাত থেকে ১০ টাকা। বাজারে গিয়ে দিশাহারা হয়ে পড়েছে সাধারণ ক্রেতারা। বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় এমটা হয়েছে বলে দাবি অনেকের।

গতকাল দুপুরে পীরগঞ্জ কলেজ বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গুটি স্বর্ণা জাতের চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা দরে। দুই দিন আগে যা ছিল ২৭ থেকে ২৮ টাকা। সুমন স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৯ থেকে ৪০ টাকা দরে, যা ছিল ২৮ থেকে ২৯ টাকা। বোরো ২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৪৯ টাকা দরে, যা ছিল ৪০ থেকে ৪২ টাকা। মিনিকেট প্রতি কেজি ৫৫ থেকে ৫৭ টাকা দরে বিক্রি হচ্ছে, আগে বিক্রি হতো ৪৪ থেকে ৪৭ টাকা দরে।

বাজারে এসে চালের দাম শুনে চোখ কপালে উঠছে ক্রেতাদের। বজলুর হোসেন, আশরাফুল ইসলাম, আশামুনিসহ বেশ কয়েক জন ক্রেতা জানান, দুই দিন আগের চালের বাজার আর আজকের (গতকাল) বাজার আকাশ আর জমিন ফারাক। হঠাৎ করে সব চালের দাম বেড়েছে কেজিতে সাত থেকে ১০ টাকা। চালের বাজারে যেন আগুন লেগেছে। বাজার মনিটরিং না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

খুচরা চাল বিক্রেতা আনছারুল ইসলাম বলেন, ‘আড়তেই দাম বেশি। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতি ৫০ কেজি চালের বস্তায় দাম বেড়েছে সাড়ে তিন শ থেকে সাড়ে চার শ টাকা।’

চালকল মালিক সমিতির সভাপতি এমদাদুর রহমান বলেন, বাজারে ধানের দাম বেড়েছে। এ জন্য চালের বাজার বাড়তির দিকে। চালের দাম কিছুটা বেড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, চালের দাম বাড়ার বিষয়টি তিনি শুনেছেন। অতিরিক্ত দামে যেন কেউ চাল বিক্রি করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।