ঝিকরগাছা (যশোর)॥ ঝিকরগাছায় সেচ্ছাসেবী সংস্থা ওয়াজেদ-সামছুন্নাহার হেলথ্ কেয়ার সেন্টারের আয়োজনে প্রায় দেড় সহস্রাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৮টি মেডিকেল বুথের মাধ্যমে এই চিকিৎসাসেবা প্রদান করেন। ’হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ’ আর্তমানবতার কল্যাণে স্থানীয় সেবাধর্মী প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সামছুন্নাহার মেরি জানিয়েছেন, মেডিকেল ক্যাম্পে শিশুরোগ, নিউরো মেডিসিন, স্নায়ূরোগ, নাক, কান গলা, জেনারেল সার্জারি, হৃদরোগ, বক্ষব্যধি, পরিপাকতন্ত্র, লিভার, কিডনি রোগ, প্রসূতি, ধাত্রীবিদ্যা, স্ত্রীরোগ, বাতব্যথা প্যারালাইসিস এবং চর্ম, যৌন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়। মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধনপূর্ব আলোচনাসভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ,শেখ আবু সালেহ মাসুদ করিম।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক শামছুন্নাহার মেরির জামাতা ও সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের ওসি আলী আহম্মেদ হাসমী, পানিসারা ইউপি চেয়ারম্যান নওশের আলী, উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান হাফিজ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক জহুরুল হকসহ ২০/২৫ জন সেচ্ছাসেবক।