নিজস্ব প্রতিবেদকঃ উন্নত বিশ্বের মতো সবার জন্য সার্বজনীন পেনশন চালুর একটি খসড়া তৈরি করা হয়েছে। চলতি বছরে স্বল্প পরিসরে হলেও এই ব্যবস্থা চালুর চেষ্টা করছে সরকার। বুধবার জাতীয় সংসদে এমপি ইয়াসিন আলীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, পেনশন স্কিম আরো বড় করা হচ্ছে, আমরা সারাদেশের জন্য, গোটা জাতির জন্য একটা খসড়া প্রণয়ন করেছি। এটা সম্ভবত ২০১৮ সালে চালু করা সম্ভব হবে না। তবে আমার খুব চেষ্টা, যেন অন্তত টোকেনভাবে আগামী বাজেটেই এটা চালু করা যায়।
এখন পর্যন্ত কেবল সরকারি চাকুরেরা অবসরের পর পেনশন সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বেসরকারি চাকুরেদের জন্যও এই সুবিধা চালুর বিষয়ে চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময়ই কথা বলেছিলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, ডিপিএস আমিই এই দেশে প্রবর্তন করি এবং ডিপিএস বেশ ভালোভাবে চলছে। এটার স্বাস্থ্যও বেশ ভালো আছে।
এমপি মোসলেম উদ্দিনের এক প্রশ্নের জবাব মুহিত বলেন, দেশে এখন ব্যাংকের শাখা নয় হাজার। কিন্তু আরও বেশি প্রয়োজন। আর বেসরকারি ব্যাংকগুলো গ্রাম এলাকায় শাখা খুলতে চায় না। এ জন্য সরকার আইন করে দিয়েছে যে তিনটি শাখা খুললে দুইটি খুলতে হবে গ্রাম এলাকায়।



