মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুটি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।
আজ শনিবার জুড়ী উপজেলার জীবনজ্যোতি নগর উচ্চ বিদ্যালয় ও হাজী সোনামিয়া আফতারুন্নেসা উচ্চ বিদ্যালয়ে এ ভবন দুটি নির্মাণ করেছেন তিনি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন দু’টি নির্মাণে মোট এক কোটি একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে। প্রতিটি একাডেমিক ভবনে তিনটি করে শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে।
উদবোধন অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সরকার বায়ু, মাটি,পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের অংশ হিসেবে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে শতলক্ষ গাছের চারা রোপণ করবে। ১৮ কোটি টাকা ব্যয়ে ৪শত ৯২ টি উপজেলায় গাছের চারা রোপণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে পরিবেশ মন্ত্রী বলেন, নিয়মিত পড়াশোনা করো তোমাদের সকল একাডেমিক ভবনই পাকা করার ব্যবস্থা করা হবে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদবোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম সরদার, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ ও বড়লেখা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন প্রমুখ ।