× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

একজন ভাল মানুষের গল্প ও একজন আবু রায়হান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

সাইদুল আবেদীন ডলারঃ আমেরিকা প্রবাসী আবু রায়হান আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান। সে সুদূর প্রবাসে বাংলা ভাষাকে আকর্ষিত করার লক্ষ্যে গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি গানও রচনা করে যাচ্ছে। পরিচিত হলাম আবু রায়হানের সঙ্গে তার কর্মগুণে। তার লিখার সাথে পরিচিত হওয়ার জন্য হাতে আসা ১। বসতপারের নিউইয়র্ক- পথ ও প্রবাসের গল্প-১। ২। নিউইয়র্ক বসতি – পথ ও প্রবাসের গল্প-২। ৩। প্যারেড নগরী – পথ ও প্রবাসের গল্প-৩। ৪। রাজা দর্শন বইগুলি সময় প্রকাশনী (বর্তমান সময়ের অন্যতম প্রকাশনী প্রতিষ্ঠানের একটি- যেখান থেকে গুনগত মানের লিখা ছাড়া বই বের হয়না) থেকে প্রকাশিত এবং নিজ এলাকার আর একজন লেখক আমার পরিচিতের ভাণ্ডারে জমা হওয়াতে সময় বের করে পড়তে শুরু করি এবং শেষ করি।

রাজা দর্শন বইটি পড়ে তার চলার পথের বাঁকে বাঁকে যে ঘটনাগুলির সম্মুখীন হয়েছিলো তা এতো সুন্দর গল্পের আকারে উপস্থাপন শুধু আমি বিমোহিত হয়েছি তা নয় মনে হয় যারা পড়েছেন তারাও মুগ্ধ না হওয়ার কথা নয়। আর অন্যান্য বইগুলির গল্পগুলি যেন এক একটি গাইডবুক যারা স্বপ্ন দেখে আমেরিকা প্রবাসী হওয়ার। আমেরিকায় বসতি গড়তে যেয়ে লেখক যে সব বাঁধা বা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলো এবং তা সে যেভাবে উপস্থাপন করেছে তার গল্পের মাধুরী দিয়ে তা পড়ে আমার মত ঘরমুখী মানুষ হয়েও যেন মনে হচ্ছে সুদূর আমেরিকা আমার কত চেনা। তার কর্মের প্রতি আকৃষ্ট হয়ে এবং আমার স্বভাব সুলভ আচরণে একদিন তাকে ফোন করে ধন্যবাদ জানাই।

আমি বাংলাদেশ থেকে কল করেছি যেনে আমাকে কলটি কেটে দিতে বলে এবং সে কল ব্যাক করতে চায় আমি তাকে বললাম কোন অসুবিধা নেই। তার ব্যস্ততার জন্য সেদিন দুএকটি কথা বলে দুঃখ প্রকাশ করে রেখে দেয়। প্রায় একমাস পর সে কল করে এবং কথোপকথনের একফাকে তাকে নাম ধরে ডাকতে চাইলে তৎক্ষণাৎ সে বললো আমিতো আপনার এলাকার ছোট ভাই অবশ্যই আপনি নাম ধরে ডাকবেন। আমি তার বেড়ে উঠার জীবন কাহিনীর উপাখ্যান তার সাহিত্যে সমৃদ্ধ গল্প পঠনের মাধ্যমেই জানতে পেরেছিলাম – তারপরেও আপনি থেকে তুমিতে এসে দীর্ঘক্ষণ আন্তরিকতা নিয়ে তার বিগত দিনের কষ্টের কথা, বর্তমানে কিছু করতে যেয়ে ঠিকমত তা করতে না পারার বেদনা এবং স্বপ্নের কথাগুলো যখন বলছিলো তা তার মুখে শুনে আমি অবাক হয়েছিলাম।

তার বাবা ছিলেন একজন পণ্ডিত মানুষ শিক্ষকতা করতেন। সে নয় ভাইবোনের (বর্তমান ৮ ভাইবোন) বিরাট সংসারের মধ্যে ছোট সন্তান। সে যখন মাত্র দ্বিতীয় শ্রেণীর ছাত্র তখন তার বাবা ইন্তেকাল করেন। এর কিছুদিন পর তাদের পৈত্রিক বসতবাড়িটি বুভুক্ষু ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাসে আক্রান্ত হলে গৃহহীন হয়ে পড়ে বিরাট পরিবারটি। আশ্রয় নেয় নানাবাড়ির ভিটেয়। এতগুলো ছেলেমেয়েকে নিয়ে অর্থনৈতিক দুর্যোগের মধ্যে পড়েও তাদের মা সন্তানদের মানুষ করার জন্য কষ্টের ঘানিটি টেনে নিয়ে বেড়িয়েছেন তাঁর মৃত্যুর আগ পর্যন্ত। আবু রায়হান তার বিদুষী মায়ের দিনের পর দিন পরিচর্যায় এবং স্কুলের শিক্ষকদের সুনিবিড় শিক্ষাদানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুড়িগ্রাম মহুকুমায় প্রথম স্থানটি দখল করে। থানাহাট স্কুল থেকে বৃত্তি পরীক্ষা দিলেও তৎকালীন চিলমারী হাই স্কুলের প্রধান শিক্ষিক জয়নাল আবেদীন আবু রায়হানের মায়ের কাছ থেকে তার পড়াশুনার দায়িত্ব নিয়ে নিজ বাড়িতে রেখে তার স্কুলেই ভর্তি করে নেন।

হাইস্কুলের প্রতিটি ক্লাশের গণ্ডিতে ১ নম্বর ছাত্রটি থেকে এসএসসিতে সে ১ম বিভাগে পাশ করেন। হাইস্কুলে থাকাকালীন সময়ে সে মায়ের কথা – পড়াশুনা শিখেই তোকে বড় হতে হবে এবং তার প্রতি শ্রদ্ধেয় স্যারদের কথাগুলো বড় হতে গেলে পড়াশুনার বিকল্প কিছু নেই তাছাড়া যেখানে অর্থের কষ্ট তাকে তাড়িত করেছে সবসময় তাই অন্য আর কিছুর দিকে না তাকিয়ে পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞানাজনের জন্য নানাবিধ বই পড়াই ছিলো তার একমাত্র অভ্যাস এবং সেটাও ঠিকমতো রপ্ত করে নিয়েছিলো ঐ বয়সেই। এস,এস,সি ভালোভাবে পাশের পর স্বপ্ন তার ভালো কলেজে পড়ার। সেই উদ্দেশে ঢাকায় এসে এক আত্মীয়ের বাসায় উঠা এবং থাকার বন্দোবস্ত হয় সেখানেই। উদ্দেশ্য ছিলো তার পড়াশুনায় অধিক মনোনিবেশ করা কিন্তু বাদ সাদলো যেটা তার মনে সেটা ইট-পাথরে ঘেরা বদ্ধ খাঁচা। টাকা-পয়সার অভাব থাকলেও গ্রামের সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্য অবোগাহণ করে বেড়ে উঠা একজনের পক্ষে আবদ্ধ পরিবেশে কোনকিছুতেই মন টিকাতে পাড়ছিলোনা ভেবে সিদ্ধান্ত নেয় ফিরে যাবার।

সিদ্ধান্তটি তার এক কাজিন সেই সময় ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলায় চাকরি করতেন তাকে জানালে সে কাছে ডেকে নিয়ে পরামর্শ দেন ফিরে লাভ কি তুই বরং এখানে পড়তে পারিস। ঢাকার কাছেই কিছুটা নিরিবিলি হওয়ায় একটা লজিং এর ব্যবস্থা হলে তোলারাম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। প্রায় ৭-৮ মাস কেটে গেলে হাতখরচের অভাবহেতু দুশ্চিন্তায় পড়ে কোন একজনের পরামর্শে বিজ্ঞান থেকে গ্রুপ বদলায়ে আর্টসে ক্লাস করা শুরু করে এবং তিন-চারটা টিউশনি চালিয়ে অর্থের চাহিদাটুকু পূরণ করে নেয়। ফাইনাল পরীক্ষা শুরু হলে গ্রাম থেকে সংবাদ আসে তার প্রিয় মমতাময়ী মা ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে। যে কষ্টের তরীটিকে ঘিরে সে শত প্রতিকূলতায় থেকে তাঁর স্বপ্ন দেখানো সিঁড়ি দিয়ে হেঁটে চলছিলো – মায়ের এই অকস্মাৎ প্রস্থানে হৃদয়ে প্রলয়ঙ্করী ঝড় নিয়ে পরীক্ষাটি শেষ। দুর্যোগের মধ্যে থেকেও পরীক্ষায় ফলাফলটি আসে তার ১ম বিভাগ প্রাপ্তির মধ্য দিয়ে যা তাঁকে আরেক ধাপ এগিয়ে নিয়ে চলে স্বপ্ন পূরণের পথে।

ইচ্ছে তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, সেরাদের সেরা হয়ে শিক্ষকের আসনে বসে ছাত্রদের মাঝে তার আহরিত জ্ঞান বিলাবার। ইচ্ছের প্রথম ধাপটি অতিক্রম করে ভর্তি হয়েছিলো পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগে। কিন্তু তার ইচ্ছের ঘুড়িটা বাঁক খেয়ে যায় নারায়ণগঞ্জে থাকাকালীন সময়ে তার এক ছাত্র অপিওয়ান এ আবেদনের প্রেক্ষিতে, বেঁধে যায় লটারী হাতছানি দেয় স্বপ্নের আমেরিকা। যাওয়া না যাওয়ার দোলাচলের হালে বাতাস লাগায় তার সহপাঠিনী। যার সঙ্গে মন দেয়া-নেয়ার পর্বটি চলছিলো অতি সন্তর্পণে (সেও তখন ইডেন কলেজে পড়তো)। মনের মানুষের নাছোড় পিড়াপিড়িতে অবশেষে যাওয়ার প্রস্তুতি নিতে হোলো তাকে। শত ঝক্কি ঝামেলা উতরায়ে যাবার দিনক্ষণ ঠিক হোলে সন্তর্পণে ঝুলিয়ে রাখা সম্পর্কটি দুই পক্ষের মতামতের ভিত্তিতে গাঁটছড়া বেঁধে দেওয়া হয় তড়িঘড়ি করে। অনিচ্ছার পাখায় ভর করে ভালোবাসার মানুষকে ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি জমাতে হয় তাকে। নতুন পরিবেশ চলতে যখন হবেই সব কিছু মানিয়ে নিয়ে শুরু হয় তার জীবন যুদ্ধের নতুন পথে পথচলা।

অনভিজ্ঞ এ পথের যাত্রাটা শরীর ও মনের কষ্টের উপর ভর দিয়ে শুরু করে পথ পরিক্রমায় তার প্রবাস বসতি ২৪টি বছর অতিক্রম করেছে। সোডিয়াম লাইটের ফ্যাকাসে আলোর মতো কাটানো জীবন পিছনে ফেলে এসেও ক্রিস্টাল লাইটের ঝকঝকে আলোর ভুবনের আকর্ষণে নিজেকে হারিয়ে ফেলিনি সে। সাংসারিক দায়িত্ববোধের ঝোলাটি বহন করে নিয়ে চলেছে সে ঠিকই সঙ্গিনী হয়েছে বিদেশ বিভূঁই পরিবেশ মানানসই তার সঠিক নির্দেশনায় অর্থাৎ প্রতিটি কাজে সুনিপুণ। সেখানে জন্ম নেয়া সন্তান দুটি মায়ের অক্লান্ত পরিশ্রমে এবং সুনিবিড় পরিচর্যায় নিজেদেরকে বাবার পথে অর্থাৎ পড়াশুনায় সেরাদের মধ্যে থেকে একজন স্কলারশিপ নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে অন্যজন ও লেভেল কমপ্লিট করেছে মেধাতালিকায় থেকে। স্পন্সর কোঠায় আত্মীয়স্বজনের সারি সারি বসতি গড়িয়েছে তাদেরই পাশে।

কষ্টের স্রোতে ভেসে যার বড় হয়ে উঠা সুখের পরশ পেয়েও নদী ভাঙ্গা মানুষগুলির কথা স্মরণে এনে ব্যকুল হয়ে উঠে তার মন। এলাকার সেই দুখী মানুষগুলোর প্রয়োজনে পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। এসব করতে অতিরিক্ত অর্থ আহরণের জন্য বেঁছে নিয়েছে সে যে কঠিন কাজের চাবিটি অর্থাৎ ট্যাক্সির স্টিয়ারিং যা ঘুরিয়ে ফিরিয়ে চলছে অবিরত। থেমে নেই তার বই পড়ে আহোরিত জ্ঞানের দীপটি এখনও পড়ে যাচ্ছে- পড়ে শেখার শেষ নেই বলে। ইচ্ছে ছিলো তার ছাত্র পড়াবার হয়তো হতে পারতো সেটি একটি সংখ্যার। ছাত্র বানিয়ে শেখানোর পথ হারালেও সে করায়ত্ত জ্ঞানকে কাজে লাগিয়ে একে একে জীবন চলার সমন্বয়ের যে সাহিত্য রচনা করে চলেছে সে সাহিত্যাঙ্গনে তার ছাত্রের সংখ্যার চেয়ে পাঠকে ভরে যাবে চারিদিক এ বিশ্বাস সময়ের। বসে নেই সে বিদেশ বিভুই পরবাসে। মাতৃভাষা যেনো না হারায় সেখানে জন্ম নেয়া বাঙ্গালী শিশুদের মুখ থেকে। তাইতো তার নিরলস চেষ্টায় বাচ্ছাদের বাংলা শিক্ষায় আকৃষ্ট করতে প্রকাশিত করেছে নানান উপকরনের ছড়ার বই।

তাছাড়া বাংলা ভাষাকে তাদের ঐ কমিউনিটিতে ধরে রাখা বা আকর্ষণ বাড়ানোর জন্য গান- কবিতা- কমেডি স্ক্রিপ্ট-পুঁথি সহ নানা উপকরণ রচনা করে বিভিন্ন অনুষ্ঠানে প্রচারণায় নিজেকে নিয়জিত রেখে চলেছে সমানতালে। বাঙ্গালীর মন আবেগপ্রবন। তার উপর সে কুড়িগ্রামের সন্তান আবেগে ভরা আথিতিয়েতায় পিছপা হবে কেন। তার স্বভাব গুনে সখ্যতা গড়ে উঠেছে এপার-ওপার বাংলার অনেক গুণী মানুষের সঙ্গে। এইতো সেদিন তার লিখা একটি উপন্যাস ‘রমনা মেইল’ নিউইয়র্কে বইমেলা উপলক্ষ্যে বের হয়েছে এবং তা আমাদের অনেকের হাতেও এসেছে। পড়ে অভিভুত হয়েছি আর হারিয়ে গিয়েছিলাম সেই সময়ের রমনা মেইলের জার্নিতে। রংপুর অঞ্চলের কয়েকটি ষ্টেশন, গন্তব্যে পৌঁছতে মাত্র ৪-৫ ঘণ্টার প্রয়োজন অথচ গল্পের বর্ণনায় উঠে এসেছে যুগযুগ ধরে চলে আসা ট্রেনলাইন বরাবর অঞ্চলটির নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাপনের সামাজিক চিত্রটি। যা পড়ে বর্তমান প্রজন্ম জানতে পারবে তাদের উত্তরাধিকারদের চলাচলের অক্ষত সাম্প্রতিক অতীত ইতিহাস। বইমেলার এই আসরটিতে দুই বাংলার লেখক-প্রকাশক ও অগনিত বাংলা ভাষাভাষী মানুষের মিলন ঘটে। মেলা উপলক্ষ্যে একটি স্যুভেনির বের হয়। আয়োজকদের দৃষ্টি কাড়ে রমনা মেইলের প্রচ্ছদ। স্যুভেনিরের ক্যানভাসে ভেসে উঠে আর প্রত্যেকের হাতে হাতে জ্বলজ্বল করে চলতে থাকে আমাদের আবু রায়হানের রমনা মেইল।

আবু রায়হান সার্থক হবে তুমি। যেভাবে কষ্টকে জয় করে এগিয়ে চলেছো সুদূর প্রবাসে থেকে। যেভাবে বেঁধে রেখেছো বক্ষে তুমি মাতৃভূমির ভালোবাসার টান। সেভাবেই হাঁটবে একদিন পথহারা প্রজন্ম তোমার সুন্দর সৃষ্ট পথে। সেইভাবে সাজবে একদিন আমাদের প্রাণপ্রিয় জন্মভুমি কুড়িগ্রাম। তোমার সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করি।


এ ক্যটাগরির আরো খবর..