এই ফাগুনে রিয়াজ

দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন রিয়াজ। তার ‘সুইটহার্ট’ নামের ছবিটি মুক্তি পাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। অন্যদিকে ছোটপর্দার ভক্তরাও একই উপলক্ষে উপভোগ করবেন তার দুটি নাটক। সব মিলিয়ে ফাগুন যেন হয়ে উঠছে রিয়াজের!

আগামী ১২ ফেব্রুয়ারি বড় পর্দায় দেখা মিলবে একসময়ের সুপারহিট নায়ক রিয়াজের। বিদ্যা সিনহা মিমের বিপরীতে ‘সুইটহার্ট’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন তিনি। তার মতে, ‘এই ফেরাটা নিঃসন্দেহে দুর্দান্ত। ছবিতে আমার উপস্থিতি যতোটুকুই হোক, পুরনো ও দক্ষ রিয়াজকেই খুঁজে পাবেন দর্শক।’

অন্যদিকে ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রিয়াজের ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন তারই সহধর্মিনী মেহের আফরোজ শাওন। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধেছেন রিয়াজ ও মাহি।

ছবিটি সম্পর্কে রিয়াজ বলেন, ‘কাজের সময় হুমায়ূন আহমেদ স্যারকে মিস করেছি। শাওন প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করছেন এটা মনেই হয়নি। ছবিটি সাফল্য পাবে বলে আমার বিশ্বাস।’

অসুস্থতার কয়েকটি দিন বাদে, কাজেই ব্যস্ত ছিলেন রিয়াজ। এর মধ্যে অংশ নিয়েছেন ভালোবাসা দিবসের দুটি নাটকে। এগুলোতে তার নায়িকা মৌটুসী বিশ্বাস ও সুজানা। রিয়াজ-মৌটুসী জুটির নাটকটির নাম ‘শেষ অভিনয়’। এটি পরিচালনা করেছেন তবারক ভূঁইয়া। আর সুজানার বিপরীতে রিয়াজ থাকছেন ‘এক্সচেঞ্জ’ নাটকে। নাটকে এই জুটির দ্বিতীয় অভিনয় এটি।

পরিচালক জুনায়েদ বিন জিয়া জানান, নাটকে রিয়াজ ও সুজানা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। রিয়াজ ব্যস্ত ব্যবসায়ী। কাজের চাপে স্ত্রীকে সময় দিতে পারেন না। একটা বিশেষ দিনে স্ত্রীকে চমকে দিতে গিয়ে ঘটে অন্য ঘটনা। ভালোবাসা দিবসে এটি প্রচার হবে এনটিভিতে। এতে আরও আছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।