উন্নয়ন মানেই অসহায় পুড়ে মরা নয়৷ উন্নয়ন মানে জনস্বার্থকে প্রাধান্য দেয়া৷ উন্নয়ন মানে জান এবং জবানের নিশ্চয়তা। নিহত এবং আহতদের প্রত্যেককে যথাযথ ক্ষতিপূরণ দেয়াসহ সীতাকুন্ডের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ ৬ জুন, ২০২২ খ্রি. রোজঃ সোমবার দুপুর ২.০০ ঘটিকায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম কন্টেইনারে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের দেখতে যান জাতীয়তাবাদ গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল৷ এসময় তিনি আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে প্রথম এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতদের উন্নত চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়ে জনাব হাজ্জাজ বলেন, “প্রতিটা অগ্নিকান্ডের ঘটনার নেপথ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি স্পষ্ট প্রতীয়মান হলেও সমাধানের জন্য নেই কোন উদ্যোগ। সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর মালিক আওয়ামী লীগের একজন নেতা বলেই কি এখানে কোন যথাযথ পরিদর্শন ছিলো না? বিষ্ফোরক অধিদপ্তর এবং কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে পর্যাপ্ত লোকবল নেই। ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা আত্মদান করেছেন তাঁদের আত্নার মাগফেরাত কামনা করে দাবী জানাচ্ছি বিশ্বমানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলগুলোতে জরুরি সময়ের জন্য পানির উৎস তৈরি করতে।
এনডিএম প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান চৌধুরী, কেন্দ্রীয় যুব নেতা আদনান সানি, ছাত্র আন্দোলনের আহবায়ক মাসুদ রানা জুয়েল, সদস্য সচিব মুফতি শেখ মোঃ ফরিদ প্রমুখ।