বিশেষ প্রতিনিধিঃ ব্যবসায়ীদের নিকট থেকে উচ্চহারে খাজনা আদায়ে ঐতিহ্য হারাতে বসছে যশোরের বাঘারপাড়া উপজেলার সবচেয়ে ঐতিহ্যবাহী নারিকেল বাড়ীয়া বাজার। এই বাজারে মাগুরা জেলার বিভিন্ন এলাকা থেকেও ব্যবসা করতে আসে লোকজন। এই বাজারে আছে বণিক সমিতি, হাট-বাজারের জন্য ইজারাদারদের হাট মালিক সমিতি। প্রতিবার উপজেলা থেকে চড়া দামে বিক্রি হয় এই হাটের মালিকানা। প্রতিবারের মত এবার নারিকেল বাড়ীয়া বাজারের হাট মালিকানা কিনে নেয় একটি পক্ষ। কিন্তু ব্যবসায়ীরা বলছে ভিন্ন কথা।
অন্যবারের তুলনায় এবার খাজনার পরিমান অনেক বেশি। যা তাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। কথা হয় নারিকেল বাড়ীয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সরোয়ার হোসেনের সাথে। তিনি জানান, এর আগে প্রতি হাটে খাজনা নিলেও এখন প্রতিদিন উচ্চহারে খাজনা আদায় করা হচ্ছে।
কথা হয় নারিকেল বাড়ীয়া গ্রামের তরকারী ব্যবসায়ী মোস্তফার সাথে। তিনি আমাদের জানান, আমি প্রতিদিন বাজারে কাঁচা বাজারের মালামাল নিয়ে বসি। এর আগে হাটের দিন আসলেও এখন নিয়ম করে প্রতিদিন দশ টাকা দিতে হচ্ছে। আমি গরীব মানুষ। কোত্থেকে দিব? সবচেয়ে বেশি অভিযোগ দুধ ব্যবসায়ীদের। সম্প্রতি হাট মালিক সমতির পক্ষ থেকে প্রথম বারের মত দুধ বিক্রির উপর খাজনা বসানো হয়েছে যা নিয়ে প্রচুর সমালোচনার ঝড় উঠেছে। প্রতি কেজি দুধে দুই টাকা করে খাজনা আদায় করা হচ্ছে নিয়ম করে। সামনে পবিত্র রমজান মাস। রমজান মাসে দুধের বেচাকেনা অনেক বেশি হয়।
কিন্তু অনেক বাইরের এলাকা থেকে আসা দুধ ব্যবসায়ীরা বাজারে আসার ব্যাপারে অপারগতা জানিয়েছেন। এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে বিষয়টি নিয়ে।এ ব্যাপারে কথা বলেছিলাম হাট মালিক সমতির তরিকুল ইসলামের সাথে। এই অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, “আমরা যেটা করেছি সব সরকারের চার্ট অনুযায়ী। আর দুধ বাজারের যেখানে সরকারি নিয়ম অনুযায়ী ছয় টাকা দেবার কথা সেখানে আমরা দুই টাকা নিচ্ছি। এখানে অনিয়মের কিছু নেই”।
এবিষয়ে নারিকেল বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু তাহের আবুল সরদার জানান, ” স্থানীয় অনেকেই আমার কাছে অভিযোগ করার পর আমি ধলা মিয়াকে ডেকে বলে দিয়েছি যে দুধের বাজার থেকে কোন টাকা না নেবার জন্য। সে আমাকে কথা দিয়েছে যে দুধের বাজার থেকে আর টাকা নিবেনা”।
তবে পুরো বিষয়টা নিয়ে যে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা বোঝা গেল নারিকেল বাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বাবলু সাহার কথায়। তিনি প্রথম প্রভাতকে জানান, ” অনেকেই ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে বিষয়প্টা আমাদের নজরে এনেছেন।
আমি নিজেও বাজার করতে যেয়ে আজ সকালেও তরকারি বাজার থেকে অভিযোগ শুনে এসেছি। এভাবে চলতে থাকলে বাজার ব্যবস্থার উপর একটা প্রভাব পড়বে। এমনকি মানুষ সরারসরি সরকারের সমালোচনা করতেও দ্বিধাবোধ করছেনা। বিশেষ করে দুধের বাজারে এখন অনেক কম লোক আসে দুধ নিয়ে। যার প্রভাব পড়বে পবিত্র রমজান মাসেও”। তিনি সবাইকে বসে আলোচনা করে খাজনা নির্ধারণ করার উপর জোর দেন এলাকাবাসীর পক্ষ থেকে।