ঈদকে সামনে রেখে কালীগঞ্জে মটর সাইকেল চোরচক্র সক্রিয় ৪ দিনের ব্যবধানে দুই মটর সাইকেল চুরি

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২০ মে’২০১৮ঃ  ঈদকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে মটর সাইকেল চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। যার কারনে শহরে হঠাৎ করে আবারো মটর সাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। পুলিশী তৎপরতা না থাকায় গত ৪ দিনের ব্যবধানে শহর থেকে ২ টি মটর সাইকেল চুরি হয়েছে। একের পর এক মটর সাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বেশ কিছু দিন ধরে মটর সাইকেল চুরির ঘটনা কমলেও সম্প্রতি সময়ে আবারো তা বৃদ্ধি পেয়েছে।

জানাগেছে, গত ১৫ মে সন্ধ্যার দিকে শহরের নিশ্চিন্তপুর ফুড গোডাউন সংলগ্ন উচ্চারণ শিল্প ক্লাবের সামনে থেকে শাহ নেওয়াজ জনি নামের এক ব্যক্তির একটি ডিসকভার-১৩৫ সিসি (ঝিনাইদহ ল ১১-০৫৯৬) মটর সাইকেল চুরি হয়। চুরি যাওয়া মটর সাইকেলের মালিক জনি পোস্ট অফিস পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনার তিনি কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। যার জিডি নং-৭৯৫। তাং-১৬/০৫/২০১৮।
জনির মটর সাইকেল চুরির ৪ দিন পর গত ১৯ মে বিকেলে দীপক কুমার দত্ত নামের অপর এক ব্যক্তির আরো একটি মটর সাইকেল চুরি হয়।

দীপক কুমার দত্ত জানান, গত ১৯ মে বিকেলে কাঁচামাল হাটাস্থ তার দুলাভাইয়ের বাড়ির সামনে ডিসকভার-১২৫ ( ঝিনাইদহ হ ১৩-৪০৬০) মটরসাইকেলটি রেখে তিনি বাড়ির ভিতর প্রবেশ করেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মটর সাইকেলটি নেই।

এলাকাবাসীর অভিযোগ গত ২ বছরের অধিক সময় ধরে কালীগঞ্জ শহর ও গ্রামাঞ্চলের কোন না কোন স্থানে প্রতিদিন মটর সাইকেল চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। বিশেষ করে শহরের ইসলামী ব্যাংক, ইসলামী শাহজালাল ব্যাংক, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক মোড়, নীততলা বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, থানা রোড, কলেজপাড়া, কাঁচাহাট বাজার, মহিলা কলেজ রোড, বৈশাখী তেল পাম্প মোড়, বালিদাপাড়া, হাসপাতাল, মোবারকগঞ্জ সুগার মিল, সেবা ক্লিনিক, কুইন্স প্রাঃ হাসপাতাল, কালীবাড়ী মোড় এলাকা থেকে শতাধিক মটর সাইকেল চুরি হয়েছে। চুরি হওয়া এসব মটর সাইকেলে আনুমানিক মূল্য দেড় কোটি টাকার উপরে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, একটি মটর সাইকেল চুরি হয়েছে। সেটার ভিডিও ফুটেজ বের করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ দেখে মটর সাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারের চেষ্টা করা হবে। এছাড়া ঈদকে সামনে রেখে শহরে চুরি,ডাকাতি, ছিনতাইসহ যেকোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।