ইরানের জনগণ মার্কিন হুমকিকে ভয় পায় না। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শুরু থেকেই একচেটিয়া সমর্থন দিয়ে আসছে ইরান।
স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) তেহরানে হামাসের শীর্ষ নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন।
তিনি বলেন, ইসরাইলের হার মানেই যুক্তরাষ্ট্রের পরাজয়। আমেরিকা ও ইসরাইলের কোন লক্ষ্যই অর্জন করার সুযোগ দেয়নি হামাস। ইসরাইলকে পরাজিত করার জন্য হামাসকে সাধুবাদ জানান তিনি।
হামাস নেতাদেরকে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, আপনারা তাদের (ইসরাইল-যুক্তরাষ্ট্রের) কোনো লক্ষ্যই অর্জন করার সুযোগ দেননি।
ফিলিস্তিনিদের পাশে থাকায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতারা। তারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল-হাইয়া ইরানের সর্বোচ্চ নেতাকে বলেন, তারা অত্যন্ত গর্ব নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছেন। এসময় খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হুমকি ইরানের জনগণের মানসিকতায় কোনো প্রভাব ফেলতে পারেনি।
তেহরান সফরে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ছাড়াও গোষ্ঠীটির শীর্ষ পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও শীর্ষস্থানীয় কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ ছিলেন।
এদিকে গেল শুক্রবার খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার বিষয়টি উড়িয়ে দেন। তার এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে ইরানের পার্লামেন্ট।
পার্লামেন্টের স্পিকার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা কোনোভাবেই সম্মানজনক হবে না। তিনি আরও জানান, খামেনির নির্দেশনা অনুযায়ী প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ নেয়া উচিত হবে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপ সামলাতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কট্টরপন্থিদের তোপের মুখে পড়বেন বলে মনে করছেন তেহরানের সংস্কারপন্থি রাজনীতিবিদরা। তারা আরও জানান, মার্কিন নিষেধাজ্ঞা পেজেশকিয়ানের দেয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইন্টারনেট ব্যবস্থা সচলসহ আরও অনেক প্রতিশ্রুতি পূরণের পথে বড় বাঁধা হিসেবে কাজ করতে পারে।