ইতালি যাওয়ার পথে সাগরে নিহত সেলিম-সানির লাশ সালথায়

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মানব পাচার চক্রের প্রলোভনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সাগরে মারা গেছেন ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের সেলিম মোল্যা (২৪) ও সানি মাতুব্বার (২১) নামে দুই যুবক।

রবিবার নিহত সানির লাশ মাঝারদিয়া গ্রামের বাড়িতে আসে। সকাল সাড়ে ১১ টায় মাঝারদিয়া ইদগাহ ময়দানে সানির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে নিহত সেলিমের লাশ গত ১৫ সেপ্টেম্বার মাঝারদিয়া গ্রামের বাড়িতে আসে। নিহতদের পরিবার জানায়, ফরিদপুর শহরের ডোমরাকান্দি এলাকার ইতালি প্রবাসী মফিজুর রহমান জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের আব্দুল আলিম মোল্যার ছেলে সেলিম ও মফিজ মাতুব্বারের ছেলে সানিকে ইতালির একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে ৮০ হাজার টাকা বেতনে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়।

ইতালি পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ টাকা করে নেয়। গত ১০ মে মফিজুর রহমান টুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে লিবিয়ায় নিয়ে যায় সেলিম ও সানিকে। ৩জুন লিবিয়া থেকে সমুদ্রপথে নৌকাযোগে ইতালি রওনা হয় তারা। ওই সময়ে ইতালি যাওয়ার পথে মোবাইল ফোন করে পরিবারকে জানায়, একটি নৌকাযোগে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি রওয়ানা হয়েছেন তারা। এরপর থেকেই তাদের সাথে আর যোগাযোগ ছিলো না বলে পরিবারের সদস্যরা জানান। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা প্রবাসীদের মাধ্যমে জানতে পারে ফরিদপুরের একজনসহ সেলিম ও সানির মৃত্যুর খবর। এরপর ১৫ সেপ্টেম্বার সেলিমের লাশ ও ২২ সেপ্টেম্বার সানির লাশ সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের বাড়িতে পৌঁছায়।

তাদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতদের স্বজনেরা প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।