ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ত্রেমুসভের মৃত্যুর কয়েক ঘণ্টা পরে, রাশিয়ার তরফ থেকে এই ঘোষণা এলো। এই সিদ্ধান্ত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খেরসন দখলের অন্যতম সমর্থক স্ত্রেমুসভ মাত্র ছয় দিন আগে বলেছিলেন, রাশিয়ান সেনাদের দিনিপ্রো নদীর পূর্ব তীরে সরে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেনা প্রত্যাহারের আগে খেরসন শহরে থেকে কয়েক হাজার বেসামরিক নাগরিককে নৌকাযোগে অন্যত্র সরিয়ে নিয়েছে রাশিয়া। একে ‘জোরপূর্বক বিতাড়ন’ বলে অভিহিত করেছে ইউক্রেন।
ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে এটি রাশিয়ার জন্য একটি উল্লেখযোগ্য পরাজয় বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে রাশিয়ান সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়া হবে। ইউক্রেনে নিযুক্ত রাশিয়ান সেনা কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন জানান, তাদের পক্ষে খেরসনে রসদ সরবরাহ করা আর সম্ভব নয়।
সিনিয়র সামরিক নেতাদের সাথে এক বৈঠকে জেনারেল সুরোভিকিন আরও বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বিচক্ষণ কাজ হবে – দিনিপ্রো নদীর পাড় ঘেঁষে একটি প্রতিরক্ষা বেষ্টনীর ধারে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। যদিও গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার গতি অনেকটা কমে গেছে, তারপরও দিনিপ্রো নদী পার হয়ে, রাশিয়ার রসদ সরবরাহ আরও কঠিন হয়ে পড়েছে। আর এটি হয়েছে এই নদীর ওপর বেশ কয়েকটি সেতু ইউক্রেনের মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাওয়ার কারণে।


