আ. লীগের নেতৃত্বে দেশ আজ দরিদ্রমুক্ত

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ আজ দরিদ্র থেকে মুক্তি পেয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

আজ শনিবার কুষ্টিয়া শহরের পিটিআই রোডে জেলা মহিলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন হানিফ।

মাহবুব-উল-আলম বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে আজ দেশ দরিদ্র থেকে, হতদরিদ্র দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। ৫৩৫ ডলার থেকে আজকে ১৬০০ ডলারে উন্নীত হয়েছে, এটা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার দক্ষতার কারণে সম্ভব হয়েছে। আজকে সারা দেশে যে উন্নয়ন হয়েছে, এটা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে।’

হানিফ বলেন, ‘বিএনপি জানে যে, তাদের অতীতের যে অপকর্ম, সেই অপকর্মের কারণে জনগণ তাদের থেকে অনেক দূরে। সেই কারণে তারা দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন থেকে তারা পালিয়েই ছিল। এবারও নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়া এখন থেকে যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। যে নির্বাচনের দেড় বছর আগে থেকে প্রতিদিন বলছেন, নির্বাচনে যাব যাব। এটাতে আবারও কি নির্বাচন থেকে উনি দূরে সরে থাকার ইঙ্গিত দিচ্ছেন কি না, অনেকের মধ্যে সন্দেহ আছে।’

মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, ‘গতকাল বেগম খালেদা জিয়া বলেছেন, যে কোনো দেশ তাদের পক্ষে সমর্থন দেবে প্রতিবেশী। এর মধ্যে দিয়ে আরেকবার প্রমাণ হয়েছে যে, বিএনপি আসলে জনগণের প্রতি কখনো আস্থাশীল ছিল না। সময় ষড়যন্ত্রের মাধ্যমে অন্য দেশের ওপর নির্ভর হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। বাংলাদেশের জনগণ বিএনপির এই স্বপ্ন কখনো পূরণ করতে দেবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘সেটা জনগণই বিচার করবে নির্বাচনী ইশতেহার কতটুকু পালন হয়েছে কি না। নির্বাচনী ইশতেহার নিয়ে বিএনপির কথা বলার কোনো সুযোগ নেই। কারণ, তাঁদের কোনো নির্বাচনী ভিশনই ছিল না। আওয়ামী লীগ নির্বাচনে যে ওয়াদা করেছিল, ইশতেহার ঘোষণা করেছিল, তাঁর শতকরা প্রায় ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে। বাকি সময়ে বাকিগুলো বাস্তবায়ন হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।