× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

আজ আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভাগ্য নিয়ন্তা কারা?

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে

একেবারেই কাকতালীয়। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির গোল গড় ০.৫৬। পোল্যান্ডের হয়ে রবার্ত লেভানদোস্কিরও ঠিক ০.৫৬! দুজনই নিজেদের দেশের সর্বোচ্চ গোলদাতা। আজ আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভাগ্য নিয়ন্তাও তাঁরা।

মেসির জাদু আর লেভার দ্যুতির প্রত্যাশায় আছে পুরো ফুটবল দুনিয়া। শেষ হাসি হাসবেন কে?

দুজনের অর্জনই আকাশছোঁয়া। লিওনেল মেসি ৯৯৮ ম্যাচে গোল করেছেন ৭৮৮টি, অ্যাসিস্ট ৩৪৬টি। তাঁর ক্যারিয়ার শিরোপা ৪১ আর ব্যক্তিগত শিরোপা ৭৮টি। রবার্ত লেভানদোস্কি ৮৩১ ম্যাচে গোল করেছেন ৬৩১টি, অ্যাসিস্ট ২১৬টি। এই পোলিশ তারকার ক্যারিয়ার শিরোপা ২৬ আর ব্যক্তিগত শিরোপা ৪০টি। সব মিলিয়ে দুজনের গোল ১৪১৯টি, শিরোপা ৬৭ আর ব্যক্তিগত অর্জনের মুকুট ১১৮টি। এমন সমৃদ্ধ ক্যারিয়ারের দুই তারকার বিশ্বকাপে মুখোমুখি হওয়াটা বিশেষ কিছুই।

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির লড়াই যে উচ্চতায় পৌঁছে, লেভানদোস্কির সঙ্গে অবশ্য সেটা কখনো হয়নি আর্জেন্টাইন জাদুকরের। প্রথম কারণ তাঁরা একই লিগে খেলেননি। দ্বিতীয়ত ব্যালন ডি’অর বা ফিফার দ্য বেস্ট নিয়ে লড়াইটাও ছিল মেসি-রোনালদোকে ঘিরে। ২০১৫-১৬ থেকে টানা আট মৌসুম ৪০টির বেশি গোল করলেও এই দুজনের দ্যুতিতে আড়ালে ছিলেন লেভানদোস্কি। তিনি আলোয় আসেন ২০১৯-২০ মৌসুমে ৫৫ গোল করে। সেবার নিশ্চিতভাবেই জিততেন ব্যালন ডি’অরের শিরোপা। কিন্তু করোনার থাবায় পুরস্কারটাই দেওয়া হয়নি সে বছর! কষ্ট ভুলতে ব্যালন ডি’অরের আদলে ট্রফি বানিয়ে মজাও করেছিলেন পোল্যান্ডের এই তারকা।

২০২০-২১ মৌসুমেও ৪৮ গোল করে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার ছিলেন লেভানদোস্কি। কিন্তু ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোয় পুরস্কারটা পান মেসি। তখন থেকেই দুজনের শ্রদ্ধার সম্পর্কে আঁচ আসতে শুরু করে কিছুটা। মেসি সান্ত্বনা জানিয়ে বলেছিলেন, ‘আগের বছরের ব্যালন ডি’অর অবশ্যই লেভানদোস্কি পেত। এটা ওর বাড়িতে দিয়ে আসা উচিত আয়োজকদের। অসাধারণ এক খেলোয়াড় লেভা। ’ এর জবাবে লেভা যা বলেছিলেন সেটা ভিন্নভাবে আসে সংবাদমাধ্যমে। পরে ভুলটা ভাঙেন লেভানদোস্কিই, ‘মেসিকে নিয়ে কোনো বাজে মন্তব্য করিনি আমি। ওর কথা আমার ভালো লেগেছে। ব্যালন ডি’অর পাওয়ায় মেসিকে অভিনন্দনও জানিয়েছি। ’

মেসি ব্যালন ডি’অর পেলেও টানা দুইবার ফিফার দ্য বেস্ট পুরস্কার জেতেন লেভানদোস্কি। জাতীয় দলের অধিনায়ক হিসেবে এতে ভোট দিয়েছেন মেসি, লেভা দুজনই। তবে লেভার ভোট মেসি পেলেও আর্জেন্টাইন কিংবদন্তি সেরা তিনে রাখেননি লেভাকে! পোল্যান্ডের এই তারকা তাতে ক্ষুব্ধ হয়ে সমালোচনা করেছিলেন মেসির, ‘আমি মেসিকে ভোট দিয়েছিলাম, কারণ ও বছরজুড়ে দারুণ খেলেছে। ও বলেছিল ব্যালন ডি’অরের সমর্থন নাকি আমাকে দিয়েছে। কিন্তু ফিফার ভোটের সময় হয়তো সিদ্ধান্ত বদল করেছে। যা হোক ব্যালন ডি’অরের চেয়ে দ্য বেস্ট অনেক বড় পুরস্কার। কারণ কোচ, অধিনায়ক, সমর্থকদের ভোট দিয়ে এটা নির্বাচন করা হয়। ’ তখন থেকেই উত্তেজনার শুরু দুজনের। সেটা অবশ্য মাত্রা ছাড়ায়নি। বরং বার্সেলোনায় মেসির বিকল্প হিসেবেই নিয়ে আসা হয়েছে লেভাকে।

এর আগে তিনবার মুখোমুখি হয়েছেন মেসি ও লেভানদোস্কি। সবগুলো ম্যাচই বার্সেলোনা ও বায়ার্নের হয়ে। লেভা জিতেছেন দুটি, মেসি একটিতে। লেভার একটি জয় আবার ২০২০ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের সেই ৮-২ ব্যবধানে বার্সাকে বিধ্বস্ত করা ম্যাচে। তবে মুখোমুখি দেখায় দুজনেরই গোল সমান দুটি করে। জাতীয় দলের হয়ে আজই প্রথম মুখোমুখি হচ্ছেন দুজন। মঞ্চটাও বড়, বিশ্বকাপ। লিওনেল মেসি প্রথম দুই ম্যাচে দুই গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটি। লেভাও সৌদি আরবের বিপক্ষে করেছেন বিশ্বকাপে নিজের প্রথম গোল। সেই গোলের পর তো আবেগে কেঁদেই ফেলেছিলেন রীতিমতো। আজ আর কান্না নয়, মেসিকেই বরং কাঁদাতে চাইবেন লেভা। আর মেসি কী চাইবেন, সেটি কারোর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়—জীবনে একবার বিশ্বকাপ ছুঁয়ে দেখতে কাতারে এসেছেন তিনি!


এ ক্যটাগরির আরো খবর..