আমাদের শ্লোগান- দেশ হবে জনতার -ববি হাজ্জাজ

দেশে আইনের শাসন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে যারাই কাজ করতে চায় তাঁদের সবাইকে‚ গণঐক্য“ প্রক্রিয়ায় আমরা স্বাগত জানাই। আমাদের শ্লোগান- দেশ হবে জনতার“। বললেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ২৩ নভেম্বর, ২০১৮ইং রোজঃ শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটি, সাগর রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ নতুন নির্বাচনী জোট‚ গণঐক্য“ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

বাংলাদেশ মুসলিম লীগ (নিবন্ধন নং-০২১) এবং এনডিএম এর সমন্বয়ে গঠিত এই নির্বাচনী জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে।

জোট ঘোষণা অনুষ্ঠানে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্রান্তিকালে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যেখানে মানুষের কথা বলার অধিকার আজ কুক্ষিগত। এক অজানা আতংকের মধ্যে দিয়েই সাধারণ মানুষের পক্ষে, আমাদের গণতন্ত্রের জন্য, নিরাপদ সড়কের নিশ্চয়তার জন্য, মেধার অধিকারের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য এবং সুশাসনের নিশ্চয়তার জন্য কথা বলে যেতে হচ্ছে। নবীন এই দেশে আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি বটে কিন্তু আমাদের চলার পথ কখনো মসৃণ ছিলো না। প্রধান রাজনৈতিক শক্তি সমূহের পরষ্পর অবিশ্বাস আর আস্থাহীনতার কারণে দেশবাসীকে চরম মূল্য দিতে হয়েছে। দশম জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাঁদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

অন্যদিকে বিএনপি ধারাবাহিকভাবে জ্বালাও-পোড়াও আর উগ্র রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে। ঐক্যফ্রন্ট আজ দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী এবং কতিপয় গণবিচ্ছিন্ন রাজনীতিবিদদের নিয়ে পুনরায় ক্ষমতা ভোগ দখলের পাঁয়তারা করছে। জনগণের প্রত্যাশা পূরণ, ইসলামিক আদর্শে প্রতিষ্ঠিত মর্যাদাভিত্তিক সমাজ এবং তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ প্রয়োজন বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সব রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়া। সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করছে ‚গণঐক্য“।

এই নির্বাচনী জোটের প্রতীক হবে হারিকেন। ঐক্যের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঐক্যের মহাসচিব হিসাবে থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এবং প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করবেন এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

এইসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরী, এনডিএম যুগ্ম মহাসচিব পারভেজ খান, দপ্তর সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরাসহ এই জোট থেকে মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।