বিশেষ প্রতিবেদকঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে এবং ঢাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক-মহাসড়ক অবরোধ করায় সৃষ্টি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। চট্টগ্রামের ষোলশহরে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সিলেটে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও অবস্থান কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। বরিশালে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে বরিশাল-ভোলা-কুয়াকাটা মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। কোটা সংস্কারের দাবিতে দিনাজপুরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


