প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৮ ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘শারি’র উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার হতে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র্যালি ও জাতীয় প্রেস ক্লাব এর সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বাংলাদেশের সংবিধানের আলোকে দলিত ও সংখ্যালঘু জনগোষ্ঠীর সমনাগরিকত্ব প্রতিষ্ঠার দাবিতে বক্তব্য রাখেন শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস, শারি’র সমন্বয়কারী উমেশ সাহা, বাংলাদেশ দলিত পঞ্চায়েত ফোরাম সভাপতি রামানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাজকুমার দাস। একই বিষয়ে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত নারী আন্দোলন মুক্তা রানী দাস ও কাজল লতা দাস সহ মানবাধিকার সুরক্ষা কর্মী মহেন্দ্র লাল, লিটন দাস প্রমুখ।
শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাস বলেন নিজ নিজ এলাকার মধ্যে প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়ের জাতীয়তা বা গোষ্ঠীগত, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভাষাগত পরিচয় রক্ষার অধিকার রয়েছে। তাদের এই পরিচিতির বিকাশলাভের পরিস্থিতিতে উৎসাহিত করা এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বিধান সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের। তিনি সংবিধানের ১৩(২) ধারায় বর্ণিত বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ বিকাশে রাষ্ট্রকে আরও সক্রিয় হওয়ার দাবী জানান। তিনি বলেন সংবিধানের ২৮(১) ধারায় ধর্ম, গোষ্ঠী, বর্ণ ও নারী-পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন না করার কথা থাকলেও এদেশে দলিত ও সংঘ্যালঘু সম্প্রদায় তাদের সমঅধিকার থেকে বঞ্চিত এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। এই অবন্থা নিরসনে তিনি রাষ্ট্রের প্রতি আহŸান জানান।