বিশেষ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড রেললাইন নির্মাণে পরিকল্পনা ও অর্থের উৎস নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলতি অর্থবছরের ১১তম একনেক সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একনেকের আজকের বৈঠকে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ৭টি নতুন ও একটি সংশোধিত প্রকল্প রয়েছে।
রাজধানীবাসীর বিড়ম্বনার আর এক নাম যানজট। নগরায়নের পরিধি বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ঢাকামূখী মানুষের ভিড়। ফলাফল, প্রতিদিনই যানজটের তীব্রতায় অসহায় জনজীবন। ঢাকা শহরের এই চেনা রূপ পাল্টে দিতে ফ্লাইওভার, মেট্রো রেল, রাস্তা প্রশস্ত করার মত উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়িত হবার আগেই এবার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পাতাল রেলের উদ্যোগ নিতে। যাচাই বাছাই করে অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করা হবে পরিকল্পনা। শুধু তাই নয় এরপর বাস্তবায়নের জন্য খোঁজা হবে অর্থের উৎস।
এছাড়া নিয়মিত একনেকের সভায় উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে ১১’শ ২৮ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পায়রা গভীর সমুদ্র বন্দর পরিচালনায় অবকাঠামো উন্নয়ন ও তিন হাজার ৮শ’ ২৬ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প পাস হয়।
পায়রা সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে এক হাজার ১শ ২৮ কোটি ৪৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় পায়রা বন্দরসহ ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যার মোট টাকার পরিমাণ ছয় হাজার ৩শ ৮৭ কোটি ২২ লাখ টাকা। এরমধ্যে, প্রকল্প সহযোগীরা দেবেন দুই হাজার ১শ ৪৫ কোটি।
প্রকল্পের অংশ হিসেবে পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বন্দরের কার্যক্রম চালু করা ও জাতীয় মহাসড়কের সঙ্গে বন্দরের যোগাযোগ স্থাপন করতে পাঁচ দশমিক ৬০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে।
সড়কটি হবে রজপাড়া থেকে পায়রা বন্দর পর্যন্ত। প্রকল্পের সম্পূর্ণ টাকা সরকারি কোষাগার থেকে খরচ করা হবে। আর চলতি বছরের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মেয়াদী এ প্রকল্পের কার্যক্রম শেষ করবে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
অনুমোদিত ৮ টি প্রকল্পের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে চার হাজার ২শ’ ২২ কোটি ৫৮ লাখ টাকা। আর প্রকল্প সহায়তা ধরা হয়েছে দুই হাজার ১শ’ ৪৫ কোটি টাকা।