× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

আজ শুরু হচ্ছে শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০২২
শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা

পিতৃপক্ষের অবসান হয়ে আজ দেবীপক্ষ শুরু। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় শ্রীশ্রী দুর্গাদেবীর পূজার আনুষ্টানিকতা বেলষষ্ঠীর মাধ্যমে শুরু।  আজকের দিনে দেবী দুর্গা কন্যা রূপে গজে শ্বশুরবাড়ি কৈলাস থেকে বাপের বাড়ি বেড়াতে আসছেন। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ফিরে যাবেন নৌকা যোগে।

হিন্দু পুরাণ মতে দুর্গাপূজার সঠিক সময় হলো বসন্তকাল কিন্তু বিপাকে পড়ে রামচন্দ্র, রাজা সুরথ এবং বৈশ্য সমাধি বসন্তকাল পর্যন্ত অপেক্ষা না করে শরতেই দেবীকে অসময়ে জাগ্রত করে পূজা করেন। সেই থেকে অকাল বোধন হওয়া সত্ত্বেও শরত কালে দুর্গাপূজা প্রচলিত হয়ে যায়।

আজ ষষ্ঠী, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু আজ।  পাঁচ দিনব্যাপী এই পূজা আগামী ৫ শে অক্টোবর,বুধবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

ষষ্ঠী থেকে দশমী, দুর্গাপুজোর এই পাঁচ দিনে একাধিক নিয়ম-নীতি পালনের মাধ্যমে মা দুর্গার আরাধনায় মেতে ওঠেন সকলে।

পুজোর এই কয়েক দিন, মানুষ তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে নিজেকে মায়ের সেবায় নিমজ্জিত করে রাখেন। বছরের বাকি দিনগুলো সুখে-শান্তিতে কাটানোর জন্য মায়ের আশীর্বাদ পেতে নিষ্ঠাভরে পূজার্চনা করেন সকলে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সামিল হয় এই আনন্দ উৎসবে। এইসময় মা তাঁর সন্তানদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন।

আসুন জেনে নেওয়া যাক, দুর্গা পুজোর মুখ্য কয়েকটি রীতি সম্পর্কে।

১) মহাষষ্ঠীতে দেবীর বোধন ষষ্ঠীর দিন বোধনের মাধ্যমেই শুরু হয় দুর্গা পুজো। দেবীপক্ষের শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন। দুর্গা পুজোর এই রীতির সঙ্গে জড়িত আছে পৌরাণিক কাহিনী। বোধন কথার অর্থ হল জাগ্রত করা। মনে করা হয়, শরৎকালে দুর্গা পুজোর সূচনা করেছিলেন শ্রীরামচন্দ্র। লঙ্কার রাজা রাবণকে পরাজিত করার জন্য দেবীর আশীর্বাদের কামনায় তিনিই এই সময় দুর্গা পুজো করেন। বোধনের মাধ্যমেই দুর্গাকে আবাহন করা হয়। আর তাতে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা।

২) মহাসপ্তমীতে নবপত্রিকা বা কলা বউ স্নান সপ্তমীতে নবপত্রিকা স্নানের রীতি আছে। নবপত্রিকার অর্থ বোঝায় নয়টি পাতা, কিন্তু এখানে নয়টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকা গঠন করা হয়। এই নয়টি উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক। উদ্ভিদগুলি হল – কলাগাছ, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নানের জন্য নদী বা জলাশয়ে নিয়ে যাওয়া হয়। তারপর লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে ঘোমটা দিয়ে বধূর আকারে সেটিকে গণেশের পাশে স্থাপন করা হয়। অনেকে একে কলা বউ স্নানও বলেন। গবেষকদের মতে, নবপত্রিকার পূজা প্রকৃতপক্ষে শস্যদেবীর পূজা।

৩) মহাষ্টমীর অঞ্জলি দুর্গা পুজোর অষ্টমী মানেই সকাল সকাল স্নান সেরে নতুন পোশাক পরে মন্ডপে গিয়ে অঞ্জলি দেওয়া। সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিনই পুষ্পাঞ্জলি হয়, তবে অষ্টমীর অঞ্জলিকে একটু বেশিই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। দু’হাত ভোরে ফুল নিয়ে পুরোহিতের বলা মন্ত্র উচ্চারণের পর, হাতে ধরে থাকা ফুল-পাতা দেবীর চরণে অর্পণ করার রীতি আছে। অঞ্জলি দেওয়ার মাধ্যমে মায়ের প্রতি নিজেদের বিশ্বাস, শ্রদ্ধা প্রকাশ করেন ভক্তরা এবং তাঁর আশীর্বাদ চান।

৪) কুমারী পুজো অষ্টমী বা নবমী তিথিতে বহু জায়গায় সাড়ম্বরে কুমারী পুজো হয়ে থাকে। শাস্ত্রমতে, এক থেকে ষোল বছর বয়স পর্যন্ত ঋতুমতী না হওয়া বালিকাদের কুমারী রূপে পূজা করা হয়।

৫) সন্ধি পুজো অষ্টমীর সমাপ্তি ও নবমীর সূচনার সন্ধিক্ষণে করা হয় সন্ধিপুজো। মনে করা হয়, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুণ্ডা চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে নিধন করেছিলেন। তাই এই সময় দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। সন্ধিপুজোর সমস্ত মন্ত্রই চামুণ্ডা দেবীর মন্ত্র। সন্ধিপুজোয় দেবীকে ১০৮ পদ্ম এবং ১০৮ দীপ দান করার রীতি রয়েছে।

৬) ধুনুচি নাচ দুর্গা পুজোয় ধুনুচি নাচের রীতি বহু পুরানো। দুর্গা পূজা চলাকালীন ঢাকের তালে তাল মিলিয়ে ধুনুচি নাচে মেতে ওঠেন নারী-পুরুষ নির্বিশেষে সকলে। হাতে ধরে, অনেকে মাথায় রেখে বা দাঁত দিয়ে চেপেও ধুনুচি নাচের আসর জমান। অনেক পূজা সংগঠন সেরা ধুনুচি নাচের জন্য প্রতিযোগিতার আয়োজন করে।

৭) বিজয়া দশমীতে সিঁদূর খেলা দুর্গাপূজার অন্ত চিহ্নিত হয় ‘বিজয়া দশমী’-র মাধ্যমে। বিজয়ার দিনে সিঁদুর খেলা দুর্গাপুজোর একটি বিশেষ অনুষ্ঠান। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে মা দূর্গা পাড়ি দেন স্বামীগৃহ কৈলাসে। পতিগৃহে রওনা দেওয়ার আগে উমাকে বরণ করার রীতি প্রচলিত রয়েছে। তাই, দশমীর দিন ঘরের মেয়েকে সিঁদূরে রাঙিয়ে, মিষ্টি মুখ করিয়ে, পান, ধান, দূর্বা দিয়ে বরণ করা হয়। দেবীর বরণের পরই সধবা মহিলারা মেতে ওঠেন সিঁদূর খেলায়।

৮) দেবীর বিসর্জন প্রতিমা পূজার সর্বশেষ ধাপ হল বিসর্জন। জলেই মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়। বনেদি পরিবারের দুর্গার মূর্তি কাঁধে করে নিয়ে যাওয়ার চল ছিল এক কালে, তবে এখনও অনেক বনেদি পরিবারে এই নিয়ম মানা হয়। এখন সর্বজনীন পুজো বা বাড়ির পুজোর প্রতিমাও ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। নৌকায় করে মাঝ নদীতে নিয়ে গিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়।

পুরোহিদের মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতী) চড়ে কৈলাশ থেকে মর্ত্যালোকে (পৃথিবী) আসেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায় নেবেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..