আজ বিশ্ব ডায়াবিটিস দিবসে রাষ্ট্রপতির বাণী

আজ বিশ্ব ডায়াবিটিস দিবসে রাষ্ট্রপতির বাণী

আজ ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবিটিস দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবিটিস দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

ডায়াবিটিস একটি অসংক্রামক রোগ। ডায়াবিটিসকে বিশ্বব্যাপী সকল রোগের মাতা হিসেবে বিবেচনা করা হয়। ডায়াবিটিসের কারণে মানবদেহে বাসা বাঁধছে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণসহ কিডনি ও চোখের নানাবিধ রোগ। ডায়াবিটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় বাংলাদেশসহ সারা পৃথিবীতেই ডায়াবিটিসের প্রকোপ ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বিশ্বব্যাপী ডায়াবিটিক রোগীর সংখ্যা প্রায় ৫৩ কোটি, যা ২০৩০ সালে ৬৪ কোটিতে পৌঁছাবে। তাই ডায়াবিটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী দিনে নিজেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এ প্রেক্ষাপটে এবারের ‘বিশ্ব ডায়াবিটিস দিবস’ এর প্রতিপাদ্য ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবিটিসকে জানুন’ (Education to Protect tomorrow) – যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

প্রাত্যাহিক জীবনে আধুনিকতা ও নগরায়ণের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবিটিসের প্রকোপ দিনদিন বাড়ছেই। তাই ডায়াবিটিস থেকে সুরক্ষা পেতে ও এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে সকলকে ডায়াবিটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপায়গুলো জানতে হবে। ডায়াবিটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে জানার ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে বাংলাদেশ ডায়াবিটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারি অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই। এছাড়া ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাও এক্ষেত্রে খুবই জরুরি বলে আমি মনে করি।

আমি ‘বিশ্ব ডায়াবিটিস দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।

জয়বাংলা।

খোদাহাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।