বরিশালের আগৈলঝাড়ায় রাতের আধারে একটি মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি করে বিক্রি করে দিয়েছেন মসজিদের ইমাম, বিএনপি নেতাসহ কয়েকজন প্রভাবশালী। এতে চরম ক্ষুব্ধ হয়েছেন সাধারণ মুসুল্লীরা।
স্থানীয় একাধিক বিস্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার রতপুর ইউনিয়নের রতপুর শাহী বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের এক একরের একটি পুকুরের ছাড়া বিভিন্ন প্রজাতির দুই লক্ষাধিক টাকার মাছ কাউকে না জানিয়ে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার গভীর রাতে ওই মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লাল মিয়া, রতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও স্থানীয় বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর শিকদার জাল টেনে বিক্রি করে দেয়।
স্থানীয় সাইফুল হাওলাদারের নছিমন গাড়ীতে মাহিলাড়া পাইকারী মাছ বাজারে বিক্রি করে বলে স্থানীয়রা জানান। মাছ বহনকারী নছিমন চালক সাইফুল হাওলাদারকে দেয়া তার স্ত্রী মুক্তা বেগম বুধবার ভোর রাতে কাটতে গেলে একই বাড়ি মহিউদ্দিন হাওলাদার দেখে মাছ চুরির বিষয় জানতে চায়।
তখন সাইফুল জানান মসজিদের পুকুর থেকে রাতে মাছ ধরে তার নছিমনে বিক্রি করা হয়েছে। মহিউদ্দিন হাওলাদার বিষয়টি গোপন রেখে বৃহস্পতিবার রাতে পাহারা দিয়ে মাছ ধরতে দেখে চিৎকার করে স্থানীয়দের জানান। রাতে গোপনে মাছ ধরার বিষয়টি জানাজানি হলে স্থানীয়, বাজারের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লীগনের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে গোপনে মসজিদ কমিটির সভাপতি বা কাউকে না জানিয়ে চুরি করে মাছ ধরা ঠিক হয়নি।
বাজারের ব্যবসায়ী জামাল হাওলাদার জানান, ভোর রাতে অজু করতে এসে দেখি তারা মাছ ধরে নছিমনে নিয়ে যাচ্ছে। মসজিদের পুকুরের মাছ বিক্রি করতে হলে পূর্বেই মসজিদে আলোচনা করার দরকার ছিল। শুক্রবার জুম্মার নামাজের সময় ইমাম জানিয়েছে মসজিদ ফান্ডে কিছু টাকা রয়েছে। পুকুরের গাইড ওয়াল মেরামত করা হবে। এটা মাছ বিক্রির টাকা কিনা তাও বলেননি।
ওই মসজিদের মুসুল্লী ছরোয়ার হোসেন বলেন, মাছ ধরার বিষয় মসজিদে কোন আলোচনা হয়নি। এমনকি শুক্রবার জুম্মার নামাজের আগে-পরেও কখনও কোন আলোচনা হয়নি।
এবষিয়ে ওই মসজিদ কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার সাংবাদিকদের জানান, মসজিদের পুকুরের মাছ ধরার বিষয় আমাকে কেউ কিছু জানায়নি। আমি তিন বছর পূর্বে নিজের টাকায় ওই পুকুরে মাছের পোনা ও খাবার সরবরাহ করেছি। এব্যাপারে মাছ ধরায় অভিযুক্ত রতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লাল মিয়া বলেন, পুকুরের মাছে রোগ হওয়ায় মাছ ধরে বিক্রি করা হয়েছে।
মসজিদের ইমাম মসজিদ কমিটির সভাপতিকে ফোন দিয়ে তাকে পায়নি বলে আমাকে জানিয়েছে। অপর অভিযুক্ত রতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সকলকে জানিয়ে মসজিদের উন্নয়ন কাজের জন্য মাছ ধরে বিক্রি করা হয়েছে।