ঝিনাইদহ প্রতিনিধঃ আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষরেই ২৫টির মতো বাড়ি ভাংচুর করা হয়েছে।
শনিবার সকাল আটটার দিকে ওই ইউনিয়নের শীতারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে জানান, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একসময় এই সংঘর্ষ শীতারামপুরের পার্শ্ববর্তী গ্রাম পরানপুর ও চন্দ্রযানী গ্রামে ছড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হন। ভাংচুর করা হয় ২৫টির মতো বাড়ি।
আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হুমায়ন কবির আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

