গত ১৮ জুন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বরেণ্য এই ব্যক্তির পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। দেয়া হয়েছে আর্থিক সহযোগিতা।
সোমবার (২২ জুন) রাজধানীর স্কয়ার হাসপাতালে একুশে পদকজয়ী মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।
চিকিৎসকের কাছ থেকে নিয়েছেন শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ। এ সময় মুস্তাফা মনোয়ারের পরিবারের হাতে আর্থিক সহযোগিতার একটি চেক তুলে দেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বরেণ্য এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করা হয়।
গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ২০২৪-এর সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা। চিকিৎসাধীন ছিলেন লাইফ সাপোর্টে। সেবার ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।


