ইছানুর রহমান ঝিকরগাছা :: যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার আলীর দূর্নীতির সাক্ষী দিতে যাওয়ার পথে এক ইউপি সদস্যকে অস্ত্রের মুখে বাধা দেওয়া অভিযোগ পাওয়া গেছে। পরে প্রশাসনের সহযোগিতায় তাকে তদন্ত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
গত মঙ্গলবার সকাল ১১ টার সময় ঝিকরগাছা উপজেলা পরিষদের গেটের বাইরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউপি সদস্য ও বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসার সভাপতি ফারুক হোসেন বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে নিছার আলী নির্বাচিত হওয়ার পর থেকে সীমাহীন দূর্নীতি করতে থাকেন। কোনো ইউপি সদস্যদের মতামত না নিয়ে বিভিন্ন কাজে একক সিদ্ধান্তে করেন। ফলে পরিষদের ৬ জন ইউপি সদস্য তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য জেলা প্রশাসক ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেন।
আহবায়ক বিএম কামরুজ্জামান ১০ই মার্চ ইউপি চেয়ারম্যান নিছার আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোহাবান, ৪নং ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন, ৫নং ওয়ার্ডের সদস্য আজগর আলী, ৭নং ইউপি সদস্য সেলিম রেজা ও ৮নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফাকে নোটিশ করে ডাকেন।
তিনি আরো বলেন, নোটিশ পেয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে উপজেলা পরিষদের গেটের বাইরে চারজন মাস্ক পরিহিত যুবক তার গতিরোধ করে এবং বলে, ভাই আপনি সম্মানিত মানুষ। আপনাকে আমরা সম্মান করি।চেয়ারম্যান আমাদেরকে টাকা দিয়েছে আপনাকে উপজেলায় ঢুকতে না দেওয়ার জন্য। সেই কারণে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে, উপজেলায় যাওয়া যাবে না। তাদের মধ্যে থেকে দুজন সন্ত্রাসী ফারুক হোসেনকে তুলে নিয়ে ঝিকরগাছা ব্রিজ পর্যন্ত রেখে যায়। তাদের হাতে ছুরি ছিল।
পরে ইউপি সদস্য ফারুক হোসেন ঝিকরগাছা থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে বিষয়টি খুলে বল্লে তিনি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজ্জামানকে ফোন দেন এবং নিরাপত্তা দিয়ে ফারুক হোসেনকে পল্লী উন্নয়ন কার্যালয়ে নিয়ে যান।
জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও তদন্ত কমিটির আহবায়ক বিএম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ফোন করে সময় নিয়েছেন। ৪-৫ দিন পরে তিনি আসলে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।