অসুরবধের কথা বলছেন মির্জা ফখরুলরা, আসলে অসুরতো তারাই। এদেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
আজ বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে অসুরে দানবের মত তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।
আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোন সুযোগ নেই।



