অগ্নিকাণ্ডে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে ও কেন এই বিল্ডিং ধসে পড়ল তা আমরা খুঁজে দেখছি। এখানে যদি কারো গাফিলতি থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় আগুনে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো তদন্ত কমিটি গঠন করা না হলেও অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। কীভাবে ব্যবসায়ীদের ক্ষতি কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা ঘুরে দেখেন মন্ত্রী। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় মার্কেটের ব্যবসায়ীরা তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে মন্ত্রীকে অবগত করেন।

গত সোমবার দিবাগত রাতে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। পরদিন সন্ধ্যায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার দাবি করে ফায়ার সার্ভিস। কিন্তু এরপরও ক্ষতিগ্রস্ত মার্কেটের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখা গেছে। ওই ঘটনার পর থেকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, কেউ নাশকতা করে আগুন লাগিয়েছে। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তা নাকচ করে আসছেন।

রাজধানীর গুলশানে অবস্থিত ডিএনসিসি মার্কেট ভবন ২০১০ সালেই পরিত্যক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও সেখানে অবৈধভাবে তিন-চারতলা দোকান তোলা হয়েছে। যাঁরা ওই সব অবৈধ দোকান তুলেছিলেন ও সেখান থেকে টাকা তুলেছেন, তাঁরাই অগ্নিকাণ্ড নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট আজ শুক্রবার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র আনিসুল হক।

এদিকে আগুনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আজ সমাবেশ করেছেন মার্কেটের ধসে যাওয়া অংশের ব্যবসায়ীরা। আর পাকা মার্কেটের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। তবে আগুনে পোড়া ও ধসে পড়া ভবনের স্তূপ অপসারণে ভারী যন্ত্রপাতির পাশাপাশি অনেক সময়ের দরকার হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘আমরা মেয়রের সঙ্গে দেখা করেছি। তিনি এখানে আমাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করার কথা বলেছেন।’

ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী বলেছেন, ‘আমরা তিনটা প্রস্তাব দিয়েছি। তবে আমরা আজ থেকেই দোকান চালু করব।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বলেন, ‘কিছু ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া উড়ছে। ভবনের ভেতরে মালামালও আছে। কী কারণে আগুন লেগেছে তা জানতে সব দিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।