ময়মনসিংহে চেম্বারে ঢুকে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) ময়মনসিংহ নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেজুতি ময়মনসিংহ নগরের মাসকান্দা নতুন বাজার রোড এলাকার বাসিন্দা। তিনি ডা. হারুন অর রশিদের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে কোতোয়ালী মডেল থানার একটি দল ঘটনাটি তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। তদন্তের ধারাবাহিকতায় আফরিন রশিদ সেজুতিকে শনাক্ত করা হয়। পরে রোববার (২৩ আগস্ট) ময়মনসিংহ নগরের আকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আহত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী চিকিৎসক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।
প্রযুক্তির সহায়তা এবং স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে হামলার ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ময়মনসিংহ জেলা পুলিশ বদ্ধপরিকর।




