যশোর প্রতিনিধিঃ পৌরসভার সাবেক মেয়র শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চুসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ফের নাশকতার মামলা করেছে পুলিশ।
আজ শুক্রবার যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এর একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মারুফুল ইসলাম ও মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চুসহ বিএনপির ১৮ নেতাকর্মীকে আসামি করে আরো একটি নাশকতার মামলা করেছিল পুলিশ।
শুক্রবারের মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা শহরের উত্তরা হাসপাতালের সামনে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশে জড়ো হন এবং হাতবোমার বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থল থেকে পাঁচটি জালের কাঠি, তিনটি কাচের মার্বেল, জর্দার কৌটার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে বলে মামলার বিবরণে উল্লেখ করা
হয়েছে।



