যশোর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) যশোর বীরশ্রেষ্ট মতিউর রহমান ঘাটি থেকে বিকেল ৩টা ১৫ মিনিটে পিটি-৬এর ১৯টি বিমান উড্ডয়ন করে। এরপর বিমানগুলো উড্ডয়ন শৈলীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০১ প্রদর্শন করে। এরপর বিমানগুলো ১০১ অবস্থায় যশোর জেলা পরিভ্রমণ করে। এরপর খুলনা জেলা, গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা ও ঝিনাইদহ জেলার উপর দিয়ে বিকেল ৪টা ৪৭মিনিটে যশোর বিমানবন্দরে আসে। এরপর বিমানবন্দরের উপরে ১০১ লেখা অবস্থায় একটি চক্কর দিয়ে বিমানগুলো অবতরণ করে।
বিমান বাহিনী সূত্র জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবাষির্কী উদযাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। এই উচ্ছ্বাসের অংশ হিসেবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে অতি মমতায় এঁকে দিয়েছে ‘১০১’।




