বিশেষ প্রতিবেদকঃ হবিগঞ্জে বিউটি আক্তার ধর্ষণ ও হত্যার ১১দিন পার হলেও গ্রেপ্তার হয়নি মূল আসামী বাবুল মিয়া। তবে তার মা ইউপি সদস্য কলমান চান বিবি ও তার সহযোগী ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। ১৯ মার্চ সদর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনার পর থানায় মামলা করায় প্রাণ দিতে হয় বিউটিকে। ২০১৬ সাল থেকে ওই কিশোরীকে উত্যক্ত করছিল প্রতিবেশি বাবুল। গত ২১ জানুয়ারি বিউটিকে অপহরণ করে সে। প্রায় ১৮দিন পর ৯ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় বিউটিকে ফেরত দিয়ে যায় বাবুল।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাবুল মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করে বিউটির পরিবার ।
এতে ক্ষিপ্ত হয়ে ১৬ মার্চ রাতে আবারও অপহরণ করে বিউটিকে। পরদিন বাড়ির পাশে জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় । এ নিয়ে ১৮ মার্চ শায়েস্তাগঞ্জ থানায় বাবুল ও তার মাকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়।