ক্রীড়া ডেস্ক: ব্রাজিল রিও অলিম্পিকে মেয়েদের ফুটবলের সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা।
গেমসের সপ্তম দিন বাংলাদেশ সময় শনিবার সকালে বেলো হরিজন্তের দ্য মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে পারেনি।
টাইব্রেকারে ব্রাজিলের পাঁচবারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তা গোল করতে ব্যর্থ হন। তবে গোলকিপার বারবারার বীরত্বে সেমিফাইনালে পা রাখে স্বাগতিকরা।
রিওতে আগামী মঙ্গলবার সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ সুইডেন। সুইডিশ নারীরা কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে।
সেমিফাইনালের অপর ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও কানাডা। জার্মানি চীনকে ও কানাডা ফ্রান্সকে হারিয়ে শেষ চারে ওঠে।
উল্লেখ্য, ব্রাজিলের ছেলেদের মতো নারীরাও অলিম্পিক ফুটবলে কখনো সোনা জিততে পারেনি। এবার ঘরের মাঠে এরই মধ্যে শেষ আটে উঠেছে ছেলেদের দল।