বিশেষ প্রতিবেদকঃ মেডিকেল কলেজগুলোতে বিদেশি কোটায় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সার্ক অঞ্চলের বরাদ্দ আসনের বিপরীতে কোনো দেশের কোটা পূরণ না হলে খালি আসনগুলো অন্যান্য দেশের মধ্যে বন্টন করে দেওয়া হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল কলেজে বিদেশি কোটা নীতিমালা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালার শর্ত পরিপূরণ করে কলেজ পরিচালনার জন্য পুনরায় আহ্বান জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, সরকার চায় না কোনো কলেজ বন্ধ হোক। কিন্তু চিকিৎসা শিক্ষার মান অক্ষুন্ন রাখতে কলেজ পরিচালনায় নীতিমালা মেনে চলতে হবে। নীতিমালার শর্ত পূরণ করতে না পারলে কলেজ বন্ধ করে দেওয়ার মতো কঠোর অবস্থানে যেতে সরকার বাধ্য হবে।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য ও পরারাষ্ট্র মন্ত্রণালয়, অধিদপ্তর ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।