স্টাফ রিপোর্র্টার: আওয়ামী লীগ সরকারের ‘নির্যাতনে’ গোটা দেশ একটি নরকপুরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দল ও মত দমনে এখন বেশি মাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে নেতা-কর্মীদের অপহরণ, গুম, খুন, মিথ্যা মামলা দায়ের এবং রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘ফেনী জেলার ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবীকে মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক আহত করেছে। তিনি বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং সদর উপজেলার বাঝদা ইউনিয়নের তাঁতী দল সভাপতি ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মেরই অংশ।’
দেশের উপজেলাগুলোর বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সব ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব।
মির্জা ফখরুল নুর নবীর আশু সুস্থতা কামনা করেন এবং অবিলম্বে তার ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। এ ছাড়া গ্রেফতার হওয়া সিরাজুল ইসলাম ও আবদুল্লাহ মাস্টারের নিঃশর্ত মুক্তি দাবি করেন।