শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে চলছে দেশ

বিশেষ প্রতিবেদকঃ ১৯৮১ সালে ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সেদিন আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। তাই এখন তাঁর দক্ষতা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে।

আজ মঙ্গলবার জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, আন্তর্জাতিক বিশ্বে শেখ হাসিনা এখন মর্যাদাশীল নেত্রী। তিনি জাতির জনকের মতো লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন। তাই ২০০৮ সালে ভিশন ২০২১ ঘোষণা করেছিলেন। তিনি সেখানে বলেছিলেন, দেশকে কোথায় নিয়ে যেতে চান।

বিএনপি ঘোষিত রূপকল্প ২০৩০-এর সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি তো ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের আগে কোনো লক্ষ্য বা ভিশন দেয়নি। এখন কেন দিল? এই রূপকল্প দেওয়ার আগে তাঁর (খালেদা জিয়ার) ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন যে অন্যায় করেছিলেন তার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। হাওয়া ভবন থেকে হুকুম দিয়ে যারা ২১ আগস্টে গ্রেনেড হামালা চালায় তারা কোনো রূপকল্প বাস্তবায়ন করতে পারবে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, আমাদের বক্তব্যের মধ্যে তিনটা অংশ থাকা উচিত তা হলো- আমরা দেশের জন্য কী করেছি, কী করব এবং বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে কী দুর্নীতি ও অন্যায় করেছে তা জনগণের সামনে তুলে ধরা।

বাণিজ্যমন্ত্রী বলেন, দলের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে তা ঘরের মধ্যে আলোচনা করে সমাধান করা উচিত। কারণ কর্মীরাই তো আমাদের প্রাণ, সংগঠনের চালিকাশক্তি।

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৬ থেকে ১৯ মে চার দিনব্যাপী শিল্পকলা একাডেমির তৃতীয় তলার ৩ নম্বর গ্যালারিতে শেখ হাসিনার জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে যুবলীগ। আলোচনা সভা শেষে তোফায়েল এই প্রদর্শনীর উদ্বোধন করেন এবং প্রদর্শনীর বিভিন্ন চিত্র ঘুরে দেখেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবনেতা শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আনোয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মহি, কাজী আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু,
ইসমাইল চৌধুরী সম্রাট, মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।