স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে অস্ত্রসহ আব্দুর রহমান বাপ্পী (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) দুপুরে শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের জয়নালের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বাপ্পী সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশে সীমান্ত এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) বাবুল আক্তার বলেন, বাপ্পী দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছেন। এর আগেও কয়েকবার মাদকসহ তাকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।