দীর্ঘদিন ধরে দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সব ধর্ম, বর্ণ ও জাতিসত্তার মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান
বুধবার (২৭ মে) বরিশালের আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, একটি মহল কৃত্রিমভাবে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা জরুরি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও জনকল্যাণে আন্তরিকতা, জবাবদিহিতা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করাই হওয়া উচিত তাদের প্রধান অঙ্গীকার।

তথ্যমন্ত্রী বলেন, জনগণ আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করে। তাই সেই আস্থার মর্যাদা রক্ষা করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করাই নির্বাচিত প্রতিনিধিদের অন্যতম দায়িত্ব।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সঞ্জয় গুপ্ত, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।