রংপুরের হিন্দুদের উপর হামলার মামলায় আত্মসমর্পণ ৪৪, জামিন নাকোচ

রংপুরের হিন্দুদের উপর হামলার মামলায় আত্মসমর্পণ  ৪৪, জামিন নাকোচ

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের ঠাকুরপাড়ার হিন্দু পল্লীতে অগ্নিসংযোগ ও তান্ডব ঘটানোর করা মামলায় ৪৪ জনের জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ৫ জানুয়ারি ২০২১ দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন চাইলে গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান এ আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদের।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় যে, মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ এনে ঠাকুরপড়ার মৃত খগেন্দ্র নাথ রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে তৎকালীন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজুমিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে ২০১৭ সালের ৬ নভেম্বর মামলা করেন।

এরপর ১০ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিলসহ ঠাকুরপাড়ার সংখ্যালঘু পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এসময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও পুলিশসহ ১৫ জন আহত হয়।

এঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় দুটি মামলা হয়। গঙ্গাচড়া থানার মামলায় ২২৫ জনের বিরুদ্ধে চার্জশীট দেন তৎকালীন তদন্ত কর্মকর্তা (এসআই) মকবুল হোসেন। চার্জশীটভুক্তদের মধ্যে এজাহারভুক্ত ৪৪ জন আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।