স্টাফ রিপোর্টার, যশোর : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করায় যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজাকে উপর্যুপরি ছুরিকাঘাতসহ ১০ নেতাকর্মীকে মারপিট করে আহত করে। গুরুতর আহত অবস্থায় গোলাম রেজা দুলুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতারা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌনে ১টার দিকে দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা যখন বের হয়ে যাচ্ছিলেন এসময় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল সশস্ত্র অবস্থায় হামলা চালায়। এসময় তারা জেলা বিএনপির কার্যালয়ে আসবাবপত্র, চেয়ার টেবিল, মোটরসাইকেল ও গণটিকাদানের নিবন্ধন কার্যক্রমের ল্যাপটপ, প্রিন্টার ভাংচুর করে। এছাড়া বিএনপি নেতা গোলাম রেজা দুলুকে উপর্যুপরি ছুরিকাঘাত, দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে চলে যায়। এরপর বিএনপি কর্মীরা গোলাম রেজা দুলুসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত দেলোয়ার হোসেন খোকনসহ ১০জন নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং গোলাম রেজা দুলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ বসে ছিলেন এবং পাশে গণটিকার নিবন্ধন কার্যক্রম চলছিল। এসময় জয়বাংলা বলে হামলা চালানো হয়। তাদের হাতে রড, লাঠিসহ দেশির অস্ত্র ছিল। এসময় গালিগালাজ করে এবং তোমারা কেক কাটো বলে আমার বুকে লাথি মারে এবং অন্যদের মারপিট শুরু করা হয়। একপর্যায়ে বিএনপি নেতা গোলাম রেজা দুলুকে ছুরিকাঘাত করা হয়।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজ ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ছিল। এছাড়া গণটিকার নিবন্ধন কাজ করছিলো দলীয় কর্মীরা। এসময় সেখানে হামলা চালানো হয় এবং নেতাদের ছুরিকাঘাত ও মারপিট করে আহত করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। যশোরের রাজনীতিতে এখন কোন উত্তেজনা বিরাজমান না। আমার মনে হয় ছাত্রলীগের নতুন কমিটি তাদের অবস্থান জানান দিতে নজিরবিহনী এ ঘটনা ঘটিয়েছে। এটা যশোরের রাজনীতিতে একটা ক্ষত তৈরি করলো। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের আটকের দাবি জানান এ নেতা। এ ঘটনায় মামলার বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, বিএনপি কার্যালয়ে হামলার খবর পেয়েিেছ। এটা তাদের অভ্যন্তরীন কোন্দল না অন্য কেউ হামলা চালিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া ছাত্রলীগের নেতারাও এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।



