যশোর প্রতিনিধি: প্রস্তুত হলো যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ইতিমধ্যে পূর্ণাঙ্গভাবে সচল করা হয়েছে ৩টি বেড এবং আগামী এক সপ্তাহের মধ্যে আরো ৫টি বেড সচল করা সম্ভব হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় করোনা প্রতিরোধ কমিটি জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্মতাদের সহায়তায় এ আইসিইউ ইউনিটটি চালু করা হয়েছে।
২০২০ সালের জুন মাসে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে আইসিইউ ইউনিট পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন করা হয়। কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ১১ বেড, ৮টি ভেন্টিলেটর, হাইফ্লো নেজল ক্যানোলাসহ অন্যান্য সরঞ্জাম সরকারিভাবে সরবরাহ করা হয়।
সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনও সম্পন্ন হয়েছে। কিন্তু প্যাসেন্ট মনিটর ও ইনফিউশন পাম্প সরবারহ না পাওয়ায় আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম থমকে ছিল। সর্বশেষ গত ৩ এপ্রিল আইসিইউ চালু করার জন্য ২২টি উপকরণের তালিকা করে স্বাস্থ্য অধিদফতরে চাহিদাপত্র প্রেরণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
কোনো অগ্রগতি না হওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গত ১৭ এপ্রিল জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে যে কোন উপায়ে আইসিইউ চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার নবনির্বাচিত মেয়র হায়দার গণি খান পলাশ ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের অর্থায়নে তিনটি প্যাসেন্ট মনিটর ও ১৫টি ইনফিউশন পাম্প কিনে গত বুধবারই সংযোজন করা হয়েছে।
আপাতত আইসিইউ ইউনিটের তিনটি শয্যায় গুরুতর অবস্থার রোগিদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া যাবে।আইসিইউ ইউনিটের ইনচার্জ ও যশোর মেডিকেল কলেজের অ্যানেসথেশিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবীব জানান, ইউনিটটি পরিচালনার জন্য ইতিমধ্যে তিনজন চিকিৎসক ও ১০ জন নার্স প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ৩৬টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রয়েছে। পাশাপাশি পোস্ট অপরেটিভ ৬টি বেডও প্রস্তুত করা হয়েছে।
তিনি আরো বলেন, ডিফিব্রিলেটর, এবিজি ও ইলোকট্রোলাইট অ্যানালাইজার হাতে পেলে ইউনিট পরিচালনার কাজ আরও সহজ হয়ে যেত। আশা করছি দ্রুতই এসব যন্ত্রাংশ পেয়ে যাব।
করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আরো ৫টি বেড পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। এ ছাড়া আইসিইউ ইউনিটের চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ৬ জন ডাক্তার পদায়নের জন্য চাহিদা দেয়া হয়েছে। এটা পেলে আইসিইউ পরিচালনা সহজ হবে।

