মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠির সরকারি জলাশয়ে মাছ চাষ করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জিয়া হোসেন, মিনার আলী, উজ্বল হোসেন, ঝন্টু মিয়া ও হৃদয়কে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে মারাত্মক আহত আব্দুস সাত্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০ টার দিকে।
জানা যায়, আমঝুপি নীলকুঠি জলাশায়ে স্থানীয় নীলকুঠি কিশোর একতা ক্লাবের নামে ২০ মন মাছের পোনা ছাড়েন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। স্থানীয় আওয়ামী লীগের অপর এক নেতা ও তার লোকজন মাছ পাহারা দেওয়ার ঘর পুড়িয়ে দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এসময় কয়েক জনকে আটক করলেও উভয় পক্ষের আপোষ হলে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।