আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদক সহ বিভিন্ন মামলার ১০ আসামী আটক হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় ৪ টি চোরাই ভ্যান, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক ও চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই আলোকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকাতে অভিযান চালায়।
এ সময় মাদক মামলায় উপজেলার ঝনঝনিয়া গ্রামের আব্দুল হাকিম (২৩) ও অনিক হাসান (২২), মোল্লাডাঙ্গা গ্রামের ফিরোজ হোসেন (৩৩), শহরের ফয়লা গ্রামের মিঠুন কুমার বিশ্বাস (২৯), সোহাগ হোসেন (২৮) ও লিছান খান (২৪) হেলাই গ্রামের মন্টু (৫০) ও গোমরাইল গ্রামের সাদ্দাম হোসেন (৩৬) কে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২শ ৬৮ গ্রাম গাঁজা, ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
এছাড়াও চুরি মামলায় ৪ টি চোরাই ভ্যান সহ হরিনাকুন্ডু চরপাড়া গ্রামের আলামিন (২৪) এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের মোহন বিশ^াস কে আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

