ভোলা প্রতিনিধি॥ ভোলায় পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়াছিনকে তিন সহযোগীসহ আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের আবাসিক হোটেল গ্রান্ড আজহার থেকে এদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ধাড়ালো বগি দাঁসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লা জেলার মুরাদ নগর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৮) ও একই এলাকার তার সহযোগী মো. পারভেজ (২৫), মো. রুবেল মিয়া (৩০) ও সুমন (২৪)।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছগির মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ভোলার শহরের প্রায় ২৪টি হোটেল এক যোগে অভিযান চালানো হয়। এসময় মহাজন পট্রি আবাসিক হোটেল গ্রান্ড আজাহার থেকে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ইয়াছিনকে তিন সহযোগীসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ সময় এদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়েচ চুরির মামলার আরো ১০ আসামী গ্রেফতার করা হয়েছে।


