বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি। তিনি নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন। বলেছেন পানি সম্পদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা আজ রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনের সভাকক্ষে ‘Groundwater Resources Management, Conservation and Development in Bangladesh’ শীর্ষক Validation Workshop এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা গাজীপুরে সরকার–ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি শিল্পখাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এ নীতিমালা শুধুমাত্র শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে এটি প্রযোজ্য হবে না।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের চিফ অব ওয়াশ Peter Maes ও সুইডেন অ্যাম্বাসির সিনিয়র পোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।