ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী।
শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১২ টার সময় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে প্রবেশের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় দীনেশ ত্রিবেদী বলেন “ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি জনসংখ্যা মিলিয়ে প্রায় ১৬০ কোটি মানুষ। দুই গণতান্ত্রিক দেশের এই শক্তি এক হলে তা বিশ্বপরিসরে একটি বড় জনশক্তিতে রূপ নেবে। এজন্য দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হওয়া দরকার।”
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ একই আকাশ, একই বাতাস এবং অভিন্ন ইতিহাস-ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। দুই দেশের জনগণের কল্যাণে যেসব পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে, সেসব উদ্যোগ গ্রহণে ভারত কাজ করবে বলেও জানান তিনি।
দীনেশ ত্রিবেদী আরও বলেন,ভারত-বাংলাদেশ একই আকাশ, একই বাতাসের অংশীদার। যা দুই দেশের মানুষের জন্য ভালো হবে, আমরা সেই পদক্ষেপই নেব।”
এর আগে পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে বেনাপোলের নোম্যান্সল্যান্ডে পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস এবং বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় তাঁর সহধর্মিণী মিসেস মৃণাল ত্রিবেদীও সঙ্গে ছিলেন।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. পবনকুমার তুলসীদাস বাধে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ।
আগমনের পর বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে প্রয়োজনীয় ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন।
হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশন এলাকা এবং যশোর-ঢাকা মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বেনাপোল পোর্ট থানা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কাস্টমস ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পাশাপাশি তাঁর বহরের জন্য বিশেষ পুলিশ এ্যাসকোর্টের ব্যবস্থাও রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে স্থলপথে বেনাপোল হয়ে দেশে প্রবেশ করেন ভারতের নবনিযুক্ত এই কূটনীতিক। সীমান্তে আনুষ্ঠানিকতা শেষে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে যোগদানের উদ্দেশ্যে রাজধানীর পথে যাত্রা করেন।
ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে নবনিযুক্ত হাইকমিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে কূটনৈতিক মহল আশা প্রকাশ করেছে।
এ ক্যটাগরির আরো খবর..