ঢাকা: ভারতীয় কোনো গরু যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করাই সরকারের প্রধান অগ্রাধিকার এবং দেশীয় উৎপাদিত গরু দিয়েই এবার কোরবানির চাহিদা পূরণ সম্ভব হবে।
রোববার (২৪ মে) রাজধানীর দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “দেশের কৃষকের স্বার্থ সবার আগে রক্ষা করতে হবে। আমাদের দেশে পর্যাপ্ত গরু রয়েছে। তাই দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে আমরা আশা করছি। ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে, সে বিষয়ে আমরা সচেষ্ট।”
দেশের মানুষ এখন অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, “দেশের মানুষ এখন সবকিছু বোঝেন-জানেন। আমরা ভুল করলেও মানুষ ক্ষমা করবে না।”
নিজেকে একজন কৃষক হিসেবে উল্লেখ করে আমিন উর রশিদ বলেন, গরু পালন তাঁর ব্যক্তিগত আগ্রহেরও অংশ। “আমি নিজেও কৃষক। এবার ঈদে ৪৫টি গরু বিক্রি করব। গরু পালন করা আমার একটি শখ,” বলেন তিনি।
তিনি জানান, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের গরু ও ছাগল দেওয়া হয়। এসব প্রাণী লালন-পালন করে অনেক খামারি ও কৃষক কোরবানির বাজারে পশু নিয়ে আসছেন, যা দেশীয় পশু উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
দিয়াবাড়ি পশুর হাটে বিদেশি বা বাইরে থেকে আনা গরুর উপস্থিতি নেই বলেও দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, “আমি নিজেই গরু লালন-পালন করি, তাই গরু দেখলেই চিনতে পারি। হাটে বাইরের কোনো গরু নেই।”
এদিকে কোরবানির পশুর হাটে জাল টাকার লেনদেন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী। তাঁর ভাষ্য, পুলিশের বুথে জাল টাকা শনাক্তের মেশিন এবং ব্যাংকিং সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি ইজারাদাররাও এ বিষয়ে সতর্ক রয়েছেন।