× Banner
সর্বশেষ
সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী

ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, গুরুদেব পণ্ডিত অজয় চক্রবর্তী

admin
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

শুভানন্দ পুরীঃ  ভারতীয় হিন্দুস্তানী শাস্ত্রীয় গায়ক, সুরকার, গীতিকার ও গুরুদেব প্রথীতযশা পণ্ডিত অজয় চক্রবর্তী। তাঁকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

১৯৫২ সালের ২৫শে ডিসেম্বর হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তানরূপে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা শ্রী অজিত চক্রবর্তী নিজ জন্মভূমি ছিল বাংলাদেশ। ভারত বিভাজনের সময় ভারতে চলে আসেন।

প্রয়াত পিতা শ্রী অজিত কুমার চক্রবর্তী তাঁর প্রথম গুরু ছিলেন। এরপর শ্রী পান্নালাল সামন্ত ও শ্রী কানাইদাস বৈগারী’র কাছ থেকে সঙ্গীতে প্রশিক্ষণ নেন। পরবর্তীকালে সর্বকালের শ্রেষ্ঠ গুরু পদ্মভূষণ পদকপ্রাপ্ত পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে দীক্ষিত হন। তারপরও তাঁর প্রশিক্ষণ নেয়া অব্যাহত ছিল। এবার তিনি উস্তাদ বড়ে গুলাম আলী খানের সন্তান উস্তাদ মুনাওয়ার আলী খান তাঁর দীক্ষাদাতা হন।

মর্যাদাপূর্ণ কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৭৭ সালে আইটিসি সঙ্গীত গবেষণা অকাদেমিতে যোগ দেন। এখানকার একমাত্র স্বর্ণপদকধারী হিসেবে বিশেষজ্ঞ কমিটির সদস্য হন ও জ্যেষ্ঠ গুরু হিসেবে অদ্যাবধি শিক্ষা বিষয়ের নীতি-নির্ধারকের দায়িত্ব পালন করছেন।

পাতিয়ালাকাসুর ঘরানায় তাঁর সবিশেষ দক্ষতা থাকলেও মূলতঃ তিনি উস্তাদ বড়ে গুলাম আলী খান ও উস্তাদ বরকত আলী খান সাহেবের গায়কী ঢংয়ের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও ভারতের অন্যান্য প্রধান শাস্ত্রীয় ঘরানা বিশেষতঃ ইন্দোর, দিল্লি, জয়পুর, গোয়ালিয়র, আগ্রা, কিরানা, রামপুর এবং এমনকি দক্ষিণ ভারতের কার্নাটিক সঙ্গীতেও তাঁর দখল রয়েছে।

এ পর্যন্ত শতাধিক গানের এলবাম প্রকাশ করেছেন। এর অধিকাংশই ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও জার্মানি থেকে বের হয়েছে। রেকর্ডগুলোয় অনেক বিশুদ্ধ শাস্ত্রীয় সুরের সম্মিলন ঘটেছে। এছাড়াও সরাসরি সঙ্গীত প্রদর্শনসহ সঙ্গীতের অনেক গোত্র যেমন: ঠুমরী, দাদরা, ভজন এবং শ্যামাসঙ্গীতের ন্যায় আধ্যাত্মিক গান অন্তর্ভুক্ত হয়েছে। অনেকসংখ্যক বাংলা গানের মধ্যে রবিঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানেও পারদর্শী তিনি।

নিজ গুরুদেব জ্ঞান প্রকাশ ঘোষের অণুপ্রেরণায় শ্রুতিনন্দন নামে সঙ্গীত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচলিত ভারতীয় রাগ সঙ্গীত সংরক্ষণ ও বিস্তৃতির পদক্ষেপ নেয়া হয়েছে। ৯০-এর দশকের শেষার্ধ্ব থেকে কিশোর প্রতিভাদেরকে তাঁর সঙ্গীত বিদ্যালয়ে শিক্ষা দিচ্ছেন।

তাঁকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সঙ্গীত কিংবদন্তি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অনেকগুলো পদকপ্রাপ্তি ঘটেছে তাঁর। তন্মধ্যে ২০১১ সালে ভারতের সর্বোচ্চ গৌরবান্বিত ও ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পদক, ১৯৯৯-২০০০ সালে দিল্লিতে সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার, ১৯৯৩ সালে জাতীয় পুরস্কার কুমার গৌরব ও ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ছন্দনীড়ের জন্য শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন তিনি। প্রথম ভারতীয় কণ্ঠশিল্পী হিসেবে পাকিস্তান ও চীন সরকারের কাছ থেকে আমন্ত্রণ লাভ করেন। জাজ সঙ্গীতের জন্মস্থান নিউ অর্লিয়েন্সে সঙ্গীত প্রদর্শনের পর তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

নিজ রাজ্য পশ্চিমবঙ্গ থেকে সাবেক ও বর্তমান উভয় মূখ্যমন্ত্রী থেকেই সম্মাননা পেয়েছেন। ২০১২ সালে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক রাজ্যের সর্বোচ্চ দুই সম্মাননা – মহাসঙ্গীত সম্মান ও বঙ্গভূষণ লাভ করেন। একই সালে আলভাস বিরাসাত পুরস্কার পান তিনি। ভারতের স্বাধীনতা দিবসে বিবিসি’র সূবর্ণজয়ন্তীতে আমন্ত্রিত হন। ২০১৫ সালে মধ্যপ্রদেশের মূখ্যমন্ত্রী কর্তৃক জাতীয় তানসেন সম্মান লাভ করেন।

চন্দনা চক্রবর্তীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন তিনি। তাঁদের কন্যা কৌশিকী চক্রবর্তী হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রথীতযশা কণ্ঠশিল্পী। পুত্র অঞ্জন চক্রবর্তী সাউন্ড ইঞ্জিনিয়ার ও সঙ্গীত পরিচালক।

সাক্ষাৎ শেষে স্বামী অদ্বৈতানন্দ মিশনের পক্ষে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের লেখা ধর্ম প্রবেশিকা ও উপাসনার পদ্ধতি নামক দুইটি বই সংগীত গুরুর হাতে উপহার স্বারক তুলে দেন ঋষিধাম সংস্কৃত কলেজের অধ্যক্ষ স্বামী শুভানন্দ পুরী মহারাজ।


এ ক্যটাগরির আরো খবর..